Parag Jain: ‘র’-এর প্রধান হলেন পরাগ জৈন
তাঁর আগে এই পদে ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি সিং, যিনি ২০২৩ সালের জুনে সামন্ত গোয়েলের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন।
Truth of Bengal: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান পদে নিযুক্ত হলেন ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পরাগ জৈন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি তাঁকে এই পদে মনোনীত করেছে। তাঁর আগে এই পদে ছিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার রবি সিং, যিনি ২০২৩ সালের জুনে সামন্ত গোয়েলের জায়গায় দায়িত্ব নিয়েছিলেন। পঞ্জাব ক্যাডারের পরাগ জৈন বর্তমানে ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান ছিলেন। এবার তিনি ভারতের বিদেশি গুপ্তচর সংস্থার সর্বোচ্চ দায়িত্ব পেলেন। সন্ত্রাসবাদ, জঙ্গি কার্যকলাপ ও আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাঁকে এই পদে নিযুক্তির পেছনে বড় ভূমিকা নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
[আরও পড়ুনঃ Uttarakhand: টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের জাতীয় সড়কে ধস, বন্ধ কেদারনাথ যাত্রা]
কর্মজীবনের শুরুতে পরাগ জৈনের পোস্টিং ছিল পঞ্জাবের ভাটিন্ডা, হোশিয়ারপুর, মানসা অঞ্চলে। খালিস্তানপন্থী সন্ত্রাস দমনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। পরে লুধিয়ানার ডিআইজি হিসেবে মাদক চক্র দমনেও দক্ষতা দেখান। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময় এবং বালাকোট অভিযানে পাকিস্তান সংক্রান্ত ইনপুটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও রয়েছে তাঁর বিশেষ অভিজ্ঞতা। ক্যানাডা ও শ্রীলঙ্কায় ভারতীয় প্রতিনিধির দায়িত্ব পালনকালে তিনি ক্যানাডায় খালিস্তানপন্থী কার্যকলাপ নিয়ে দিল্লিকে একাধিকবার সতর্ক করেন। তাঁর ইনপুট ভারতের বহু সন্ত্রাসবিরোধী অভিযানে সাহায্য করেছে বলে জানা গেছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
‘অপারেশন সিঁদুর’-এর সময় তিনি ছিলেন ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর প্রধান। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলির বিমানঘাঁটি লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর নেতৃত্বে তৈরি হয়েছিল অপারেশনের ব্লু প্রিন্ট। গোয়েন্দা মহলে তাঁকে বলা হয় ‘সুপার স্লিউথ’। পাকিস্তান সংক্রান্ত তাঁর তথ্যভাণ্ডার ও হিউম্যান ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেলবন্ধনে তাঁর দক্ষতা প্রশংসিত। পহেলগাঁও হামলার পর ‘র’-এর কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। এমন সময়ে পরাগ জৈনের মতো এক অভিজ্ঞ গোয়েন্দা আধিকারিকের হাতে এই সংস্থার দায়িত্ব তুলে দেওয়া নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। এখন দেখার, দেশের গোয়েন্দা ব্যবস্থায় কী রূপান্তর আনেন পরাগ জৈন। গোটা দেশ তাঁর নেতৃত্বে নতুন দিশার অপেক্ষায়।


