Uttarakhand: টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডের জাতীয় সড়কে ধস, বন্ধ কেদারনাথ যাত্রা
শনিবার সকালে বদ্রীনাথ-হৃষীকেশ জাতীয় সড়কে সিরোবগাদ এলাকায় বড়সড় ধস নামায় বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক।
Truth of Bengal: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক জায়গায় ধস নেমেছে।তার প্রভাব পড়েছে পবিত্র তীর্থযাত্রা ক্ষেত্রগুলির যাতায়াতে। শনিবার সকালে বদ্রীনাথ-হৃষীকেশ জাতীয় সড়কে সিরোবগাদ এলাকায় বড়সড় ধস নামায় বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এই রাস্তাই মূলত ব্যবহৃত হয় বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ড সাহিব যাওয়ার জন্য। ফলে আচমকা ধসের কারণে মাঝপথেই আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী ও পর্যটক। বাধ্য হয়ে তাঁদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। সেইসঙ্গে ভুমিধসের জেরে সাময়িকভাবে বন্ধ হয়েছে কেদারনাথ যাত্রা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নির্ভর করছে আবহাওয়ার উন্নতির উপর। বলা বাহুল্য, মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে চারধাম যাত্রা। কিন্তু বৃষ্টি ও ভূমিধসের কারণে চারধাম যাত্রা ব্যাহত হয়েছে।(Uttarakhand)
অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে দ্রুত মোতায়েন করা হয়েছে জেসিবি যন্ত্র, শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজ। তবে লাগাতার বৃষ্টির ফলে উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।এই প্রসঙ্গে শ্রীনগর পাউরি গাঢ়োয়াল জেলা সার্কল অফিসার অনুজ কুমার জানিয়েছেন, ধস নামা এলাকার দুই প্রান্তে পুলিশ রক্ষী মোতায়েন করা হয়েছে যাতে কেউ ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপে প্রবেশ না করেন। চামোলি পুলিশ জানিয়েছে, নন্দপ্রয়াগ এবং ভানেরোপানির কাছে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক স্থানে ধস নেমেছে, ফলে আরও জটিল হয়ে পড়েছে পরিস্থিতি।(Uttarakhand)
শুক্রবারই প্রশাসনের তরফে সোনপ্রয়াগ-মানকাটিয়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। কেদারনাথ যাত্রা মূলত এই পথ ধরেই শুরু হয়। সতর্কতা হিসেবে বহু তীর্থযাত্রীকে সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে আটকে রাখা হয়েছে। রুদ্রপ্রয়াগ পুলিশ জানিয়েছে, রাস্তা থেকে ধস সরানো হলেই পুনরায় যাত্রাপথ খুলে দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগ জেলায় অলকানন্দা নদীতে একটি বাস পড়ে যাওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখনও পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। প্রশাসনের তরফে তীর্থযাত্রী এবং পর্যটকদের উদ্দেশে বার বার সতর্কতা জারি করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও আবহাওয়া দফতর।






