দেশ

Operation Sindoor: অপারেশন সিঁদুরের ‘সুদর্শন চক্র’-এ ধ্বংস অন্তত ছ’টি পাক যুদ্ধবিমান, জানালেন বায়ুসেনা প্রধান

অমরপ্রীত সিংহ জানান, এই অভিযান চালানো হয়েছিল প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে, রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ সুদর্শন চক্র ব্যবহার করে।

Truth Of Bengal: ‘অপারেশন সিঁদুর’-এর সময় অন্তত ছ’টি পাকিস্তানি বিমান ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা (Operation Sindoor)। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। ধ্বংস হওয়া বিমানের মধ্যে রয়েছে পাঁচটি যুদ্ধবিমান ও একটি বড় সামরিক বিমান। সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে এই প্রথম পাকিস্তানি বিমান ধ্বংসের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানাল বায়ুসেনা। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ভারত হামলা চালায়। এরপর পাকিস্তানি বাহিনী ভারতের উপর আক্রমণ শুরু করলে পাল্টা জবাব দেয় ভারত। গত মে মাসে চার দিন ধরে এই সামরিক উত্তেজনা চলাকালীন ‘অপারেশন সিঁদুর’-এ ছ’টি বিমান ধ্বংস হয়।

অমরপ্রীত সিংহ জানান, এই অভিযান চালানো হয়েছিল প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে, রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ সুদর্শন চক্র ব্যবহার করে। তাঁর কথায়, এখন পর্যন্ত ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংস করার দিক থেকে এটিই সবচেয়ে বড় রেকর্ড। বায়ুসেনা প্রধান আরও জানান, পাকিস্তানের জাকোবাবাদে অবস্থিত সামরিক ঘাঁটির একটি এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গারের অর্ধেকই ধ্বংস হয়ে যায় হামলায় (Operation Sindoor)। তাঁর দাবি, ওই হ্যাঙ্গারের ভেতরে থাকা কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বলা বাহুল্য, এফ-১৬ যুদ্ধবিমান আমেরিকা নির্মিত এবং পাকিস্তান সেগুলি আমেরিকার কাছ থেকে ক্রয় করে। ১৯৯৪ সালে বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তি হয় এফ-১৬ সংক্রান্ত। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পরবর্তী সময়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে ভারতীয় বায়ুসেনা প্রধানের এই মন্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, রাশিয়া থেকে ভারতের জ্বালানি ও অস্ত্র ক্রয়ে আমেরিকা অসন্তুষ্ট এবং এ নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন রয়েছে।

Related Articles