কোটায় নিট পরীক্ষার্থীর রহস্য মৃত্যু, আত্মহত্যা নাকি খুন?
তিনি ও তাঁর তুতো ভাই নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কোটার রাজীব গান্ধি নগরের একটি হস্টেলে থাকতেন।
Truth Of Bengal: রাজস্থানের কোটা শহরে এক নিট পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। শনিবার সকালে একটি হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় ২৪ বছরের ছাত্র রোশনকুমার পাত্রর দেহ। ঘরের বিছানায় উপুড় হয়ে পড়ে ছিলেন তিনি, নাক-মুখ থেকে বেরোচ্ছিল রক্ত। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার আশঙ্কা করলেও, মৃতের পরিবারের দাবি— এটি খুন।
পুলিশ সূত্রে খবর, রোশন ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা। তিনি ও তাঁর তুতো ভাই নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কোটার রাজীব গান্ধি নগরের একটি হস্টেলে থাকতেন। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে পড়াশোনা করে ঘুমোতে যান রোশন। শনিবার সকালে ভাই তাঁকে ডাকতে গেলে কোনও সাড়া মেলেনি। প্রথমে ভেবেছিলেন, তিনি ঘুমোচ্ছেন। কিন্তু কোচিং ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গেলেও রোশন দরজা না খোলায় সন্দেহ হয়। খবর দেওয়া হয় হস্টেলের ওয়ার্ডেনকে।
ওয়ার্ডেন চাবি দিয়ে দরজা খুলতেই দেখা যায়, বিছানায় উপুড় হয়ে পড়ে আছেন রোশন। শরীরে কোনও পোশাক নেই, নাক-মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর রোশনের বাবা রাধেশ্যাম পাত্র জানিয়েছেন, ‘শুক্রবার রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। প্রায় ৪০ মিনিট ধরে অডিয়ো ও ভিডিয়ো কলে কথা বলেছি। হাসিখুশি ভাবেই কথা বলছিল। ও যে কোনও মানসিক চাপে ছিল, তা একবারের জন্যও বুঝতে পারিনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।’পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা নাকি খুন— সেই রহস্যের উত্তর খুঁজতেই এখন তদন্তে নেমেছে কোটা পুলিশ।





