দেশ

Monsoon Session: সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা করতে রাজি কেন্দ্র, চাপ বাড়াচ্ছে বিরোধীরা

বলা বাহুল্য, সংসদে বাদল অধিবেশনে  বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে চারটি বড় ইস্যুতে চাপে পড়তে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার।

Truth of Bengal: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই রবিবার সর্বদল বৈঠকে বিরোধীদের দাবি মেনে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে রাজি হল কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়ে দেন, সরকার ‘অপারেশন সিঁদুর’-সহ নানা বিষয়ে সংসদে কথা বলতে প্রস্তুত। বিরোধীদের মূল চার দাবি ছিল সর্বদলীয় বৈঠকে। সেগুলি হল- পহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিঁদুরে সেনা অভিযানের পরবর্তী পরিস্থিতি, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি মন্তব্য ও কেন্দ্রের অবস্থান, বিহারের ভোটার সমীক্ষা ও নির্বাচন কমিশনের ভূমিকা।( Monsoon Session)

[আরও পড়ুনঃ Campus Needs: কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পরিকাঠামোর অভাব, উদ্বেগে অভিভাবকরা]

বলা বাহুল্য, সংসদে বাদল অধিবেশনে  বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে চারটি বড় ইস্যুতে চাপে পড়তে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। শনিবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে দিল্লির ১০, জনপথে বসে ইন্ডিয়া জোটের বৈঠক। তাতে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সরেন, ওমর আবদুল্লা, এমএ বেবি, তেজস্বী যাদব সহ ২৪টি বিরোধী দলের শীর্ষ নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাদল অধিবেশনে এই চারটি ইস্যুকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে।( Monsoon Session)

উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরে সব বিরোধী দলই সরকারের পাশে দাঁড়ালেও, তাদের অভিযোগ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও দেশবাসী অন্ধকারে। কী ঘটেছে, কেন ঘটেছে, কী ফল, সে বিষয়ে সরকার কিছুই খোলসা করেনি। বিশেষ অধিবেশন ডাকার দাবি উঠলেও তা মানা হয়নি। এর প্রতিবাদেই সংসদে জোরদার আক্রমণের ছক কষছে বিরোধীরা।তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ‘ বিদেশে প্রতিনিধি দল পাঠিয়ে কি কিছু হল? পাকিস্তানকে প্রকাশ্যে সমালোচনা করল ক’টা দেশ? দেশের মানুষ এখন ট্রাম্পের সোশ্যাল মিডিয়া দেখে বুঝছে, ভারতের অবস্থান কী।’( Monsoon Session)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

এছাড়াও, বিহারে ভোটার সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংসদে প্রশ্ন তুলবে বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিরোধী নেতা ইতিমধ্যেই এই নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। এবার সংসদে সংগঠিতভাবে এই ইস্যু তুলতে চলেছে ইন্ডিয়া জোট। রবিবারের সর্বদল বৈঠকে কিরেন রিজিজু বলেন, ‘সংসদ যেন শান্তিপূর্ণ ও গঠনমূলক হয়, তার জন্য কেন্দ্র-বিরোধী সমন্বয় জরুরি। আমরা আলোচনার পক্ষে।’ তবে বিরোধীরা আগেই জানিয়ে দিয়েছে, প্রশ্নের জবাব না পেলে আন্দোলনের পথেই যাবে তারা। এখান থেকেই স্পষ্ট যে, বাদল অধিবেশন শুরু হওয়ার আগেই চাপ বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের।( Monsoon Session)