দেশ

হরমুজ  প্রণালীতে জাহাজে হামলা, নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও তল্লাশি অভিযানের উপর নজর রাখছে।

Truth of Bengal: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। ওমান উপকূলের কাছে সাইপ্রাসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে ভারত সরকার।

বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার ও তল্লাশি অভিযানের উপর নজর রাখছে। নিখোঁজ ভারতীয় নাবিককে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে নয়াদিল্লি।

এই ঘটনার পর পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের বক্তব্য, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক পরিকাঠামোর উপর ধারাবাহিক হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথেই এগোনোর আহ্বান জানিয়েছে ভারত।

এদিকে হামলাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার পিছনে ইরানের হাত রয়েছে। হামলায় জাহাজটির ইঞ্জিনরুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরানের দাবি, হরমুজ প্রণালীতে সতর্কতামূলক সামরিক অভিযান চলাকালীন অনুমতি ছাড়া একটি জাহাজ ওই এলাকা অতিক্রম করছিল। সেই কারণেই ঘটনাটি ঘটে। তেহরান জানিয়েছে, হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতের ক্ষেত্রে তাদের নির্দেশিকা মেনে চলতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলিকেও লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে ইরান।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘর্ষবিরতির প্রচেষ্টা সত্ত্বেও হরমুজ় প্রণালীকে ঘিরে পরিস্থিতি ফের অস্থির হয়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্যপথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

Related Articles