কলকাতারাজ্যের খবর

I-PAC এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা, মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় অমিত শাহ

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ওই সমস্ত নথি ও ডিজিটাল সামগ্রী তৃণমূল কংগ্রেসের নিজস্ব সম্পত্তি।

Truth Of Bengal: আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভে সংস্থার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হল। এই অভিযানের মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের গোপন নথি ও প্রার্থী তালিকা হাতিয়ে নেওয়া,এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ভোর সাতটা নাগাদ ইডির একটি দল লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবন এবং সল্টলেক সেক্টর ফাইভে আই প্যাকের অফিসে তল্লাশি শুরু করে। সেই তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী নিজে প্রতীক জৈনের বাড়িতে যান। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। কিছুক্ষণ বাড়ির ভিতরে থাকার পর মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়।
ঘটনাচক্রে, প্রতীক জৈনের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী খালি হাতে থাকলেও বেরোনোর সময় তাঁর হাতে একাধিক ফাইল, একটি হার্ড ডিস্ক ও একটি ল্যাপটপ দেখা যায়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ওই সমস্ত নথি ও ডিজিটাল সামগ্রী তৃণমূল কংগ্রেসের নিজস্ব সম্পত্তি।

তাঁর স্পষ্ট বক্তব্য, “এগুলো আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।”মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই ইডিকে ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, তৃণমূলের গোপন তথ্য ও প্রার্থী তালিকা চুরি করতেই আই প্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে হানা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দপ্তরে অভিযান চালানো হয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার।”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাঁর বক্তব্য, কোনও নথি ছাড়াই সাধারণ ভোটারদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। মমতার কটাক্ষ, “দেশটাকে রক্ষা করতে পারে না। খালি ষড়যন্ত্র করছে।”পাল্টা প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমার দলের গোপন তথ্য জানার জন্য আই প্যাক অফিসে হানা দেওয়া হচ্ছে। আমি যদি বিজেপি অফিসে হানা দিই, তখন কী হবে?”

Related Articles