প্যাচপ্যাচে গরমের মাঝেই দফায় দফায় ভিজবে কলকাতা, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে।
Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়ে এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সাময়িক বিরতি থাকলেও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারও রাজ্যের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় বৃষ্টি থামলে ভ্যাপসা গরম ও অস্বস্তি বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে।
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার কয়েকটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। এর ফলে নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকায় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





