সরকারি কাজে গতি আনতে কড়া মুখ্যমন্ত্রী, সাত দিনের মধ্যে জবাব, তিন মাস অন্তর ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ প্রকাশের নির্দেশ
মুখ্যমন্ত্রীর নজরদারিতে সরাসরি দফতর নতুন এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি দফতরের পদক্ষেপ এবং উত্তরের একটি বিস্তারিত তালিকা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাতে হবে।
Truth of Bengal: প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানে এবার অভূতপূর্ব কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের বিভিন্ন মহলে বা দফতরে যে সমস্ত জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং অভাব-অভিযোগ উত্থাপিত হবে, তার প্রত্যেকটির ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরকে আগামী ৭ দিনের মধ্যে জবাবদিহি করতে হবে।
সোমবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট নির্দেশ, কোনও নির্দিষ্ট বিষয়ে কাজ করা সম্ভব কি সম্ভব নয়— এই দু’টি দিকই দফতরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে খতিয়ে দেখে স্পষ্ট জানাতে হবে। ঢিলেমি বা ফাইল আটকে রাখার পুরনো মানসিকতা যে আর বরদাস্ত করা হবে না, এই বার্তার মাধ্যমে তা আরও একবার বুঝিয়ে দিলেন প্রশাসনিক প্রধান।
মুখ্যমন্ত্রীর নজরদারিতে সরাসরি দফতর নতুন এই নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি দফতরের পদক্ষেপ এবং উত্তরের একটি বিস্তারিত তালিকা সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাতে হবে। দফতরগুলি নির্দিষ্ট নিয়মে কাজ করছে কিনা, তা খোদ মুখ্যমন্ত্রীর দফতর থেকে সরাসরি স্ক্রুটিনি বা তদারকি করা হবে। তিন মাস অন্তর মিলবে কাজের খতিয়ান
প্রশাসনের কাজের গতি ধরে রাখতে কেবল নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী। এই পুরো ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নজরদারির জন্য একটি বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রতি তিন মাস অন্তর অন্তর মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি সামগ্রিক ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ বা নিয়মানুবর্তিতা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। এর ফলে কোন দফতর কত দ্রুত কাজ করছে এবং কোথায় ফাইল আটকে থাকছে, তার স্পষ্ট খতিয়ান সামনে চলে আসবে।






