দেশ

কানপুরে মসজিদের পাশে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম একাধিক

দুটি স্কুটার এবং সেখান থেকেই বিস্ফোরণটি হয়েছে বলে জানা গিয়েছে।

Truth Of Bengal: ফারুখাবাদের পর এবার কানপুর। আবারও এক ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। এবারের ঘটনাস্থল মেস্টন রোডের মুলগঞ্জ। বুধবার রাতে এক মসজিদের পাশে পার্ক করে রাখা হয়েছিল দুটি স্কুটার এবং সেখান থেকেই বিস্ফোরণটি হয়েছে বলে জানা গিয়েছে। অনেকে গুরুতর জখম হন। রিপোর্ট অনুযায়ী, ৮ জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যাঁদের মধ্যে একজন মহিলা। ৪ জনের অবস্থা চিন্তাজনক বলে খবর। তাঁদের রেফার করা হয়েছে লখনউতে।(Kanpur)

জানা গিয়েছে, এই বিস্ফোরণের জেরে সেই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। পুলিশের তরফ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং সিল করে দেওয়া হয় এলাকা। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে দূর পর্যন্ত তাঁর শব্দ শোনা গিয়েছে। এখানেই শেষ নয়, পাশের এক মসজিদের দেওয়ালেরও ক্ষতি হয়েছে এবং সেই চত্বরের বহু দোকানের ফলস সিলিংও ভেঙে পড়েছে।(Kanpur)

ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকায় ছুটে যায় ফরেনসিক টিম, বোম্ব স্কোয়াড এবং এটিএস টিম। বিস্ফোরণ সংক্রান্ত যাবতীয় তথ্য ডিজিপি রাজীব কৃষ্ণ নেন কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল এবং অন্যান্য আধিকারিকদের। পাশাপাশি তদন্ত নিয়ে একাধিক নির্দেশনাও দেন এবং ফরেন্সিক দলকে দ্রুত রিপোর্ট দিতে বলেছেন। পাশাপাশি, পুলিশের টপ অফিসিয়ালরা সেই জায়গা থেকে পাওয়া বিস্ফোরক পদার্থের পরীক্ষা করে সেই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে যে এই বিস্ফোরণ কোনও ষড়যন্ত্র নাকি বিস্ফোরক পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল স্কুটির ভিতরে আসন্ন দীপাবলিতে আতশবাজি বানানোর জন্য। তবে দিনের শেষে এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এই ঘটনার ফলে।(Kanpur)

Related Articles