রাজ্যের খবর

মহিলাদের সফল অভিযান, প্রশাসনের সহযোগিতা বন্ধ হল চোলাই মদের ঠেক

গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয় সেই সমস্ত বাড়িতে অভিযান চালান।

সুমন মণ্ডল, ঘাটাল: চোলাই মদের বিরুদ্ধে অভিযান করলেন এলাকার মহিলারা। মদ্যপ অবস্থায় বাড়ির মহিলাদের মারধরের অভিযোগে চোলাই মদের কারবার বন্ধ করতে একত্রিত হলেন গ্রামের সেলফ হেল্প গ্রুপের মহিলারা, সঙ্গে ছিলেন মহিলা পঞ্চায়েত সদস্যাও। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের দরবস্তিবালা গ্রামের। গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয় সেই সমস্ত বাড়িতে অভিযান চালান।

মঙ্গলবার নিজেরাই অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার করে নষ্ট করলেন গ্রামের মহিলারা। সেলফ হেল্প গ্রুপের মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন কুঁয়াপুর ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রমা আড়ি। মহিলাদের এই অভিযানকে ঘিরে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে। এই চোলাই মদ খেয়ে ছোট ছোট ছেলেরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে, বাড়িতে নিত্যদিন ঝামেলা গণ্ডগোল লেগেই রয়েছে। বেআইনি মদ বিক্রি বন্ধ ও গ্রামকে শান্তিতে রাখতে মহিলারা একত্রিত হয়ে রাস্তায় নামেন। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই অভিযান। ঘটনাস্থল থেকেই খবর দেওয়া হয় প্রশাসনকে।

অবিলম্বে গ্রামের চোলাই কারবারিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক, দাবি বাসিন্দাদের। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমা আড়ি জানান, ‘গ্রামে চোলাই মদের কারবারে অতিষ্ঠ বাড়ির মহিলারা। নিত্যদিন বাড়িতে অশান্তির ঘটনা ঘটছে, বাড়ির জিনিসপত্র বিক্রি করে চোলাইয়ের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে বাড়ির পুরুষ থেকে ছোট ছোট ছেলেরাও। গ্রামের মহিলারাই স্বতঃপ্রণোদিতভাবে হয়ে চোলাই মদের কারবার বন্ধে উদ্যোগ নিয়েছে, আমিও চাই এটা বন্ধ হোক।’ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঘাটালের ডেপুটি এক্সাইজ কালেক্টর। যে বাড়িগুলিতে চোলাই বিক্রি হওয়ার অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে তল্লাশি করেন প্রশাসনিক কর্তারা। বিভিন্ন এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles