অভিনব উদ্যোগ! মহিলাদের স্তন ক্যানসার পরীক্ষার বিশেষ ব্যবস্থা কুম্ভমেলায়
Innovative initiative! Special arrangements for breast cancer screening for women at Kumbh Mela

Truth of Bengal: প্রতি বছর কুম্ভমেলায় অসংখ্য মানুষ ভিড় জমান। কেউ হারিয়ে যান, আবার কেউ জীবনের নতুন বার্তা নিয়ে ফিরে আসেন। এ বছর কুম্ভমেলায় এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরলের একটি ধর্মীয় সংস্থা। মেলার প্রাঙ্গণে মহিলাদের স্তন ক্যানসার পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে।
স্তন ক্যানসার এমন একটি রোগ, যা শরীরে নীরবে বাসা বাঁধে। অনেক মহিলাই এই বিষয়ে খোলাখুলি কথা বলতে সঙ্কোচ বোধ করেন। ফলে রোগটি মারাত্মক আকার ধারণ করে। অথচ দ্রুত রোগ নির্ণয় হলে ক্যানসারের তীব্রতা অনেকটাই কমানো সম্ভব। তাই কুম্ভমেলায় আসা অসংখ্য মহিলা তীর্থযাত্রীদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি ‘পিঙ্ক বাস’ মেলায় আনা হয়েছে। এই বাসে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে বিনামূল্যে ‘ম্যামোগ্রাফি’ করা হবে। সংস্থা ২০২২ সাল থেকে ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কাজ করছে।
প্রতি বছর কুম্ভমেলায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলেও মহিলাদের স্তন ক্যানসার নির্ণয়ের এই ব্যবস্থা এবারই প্রথম। এমন উদ্যোগ মহিলাদের ক্যানসারের বিরুদ্ধে সচেতন হতে এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।






