দেশ

India Women Cricket World Cup: দেশের বাঘিনীদের জয়, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই দিলেন অভিনন্দন

Truth of Bengal: ১৯৮৩ এবং ২০১১ সালের পুরুষদের বিশ্বকাপ জয়ের পর এবার বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা এবং দীপ্তি শর্মাদের হাত ধরে এই প্রথমবার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের (ICC Women Cricket World Cup) ট্রফি ভারতে এল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বিশ্বজয় করলেন ভারতীয় বাঘিনীরা। মেয়েদের এই ঐতিহাসিক সাফল্যে গোটা দেশজুড়ে এখন উৎসবের মেজাজ। ফাইনাল ম্যাচ শেষ হতেই শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। দেশের এই গর্বের মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সকলেই বিশ্বজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাত ১২টার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতীয় টিমের অসাধারণ জয়। ফাইনালে তাদের পারফরম্যান্স দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে। এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলা বেছে নিতে অনুপ্রাণিত করবে।” তিনি দলের অতুলনীয় টিমওয়ার্ক এবং লড়াকু মনোভাবেরও প্রশংসা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় মহিলা দলের এই জয়কে ‘দেশের মাথায় মুকুট ওঠার মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি লেখেন, “হ্যাটস অফ বিশ্বজয়ী টিম ইন্ডিয়া। তোমাদের অসাধারণ দক্ষতা লক্ষ লক্ষ মেয়েদের কাছে অনুপ্রেরণার পথ তৈরি করে দিল। গোটা টিমকে শুভেচ্ছা।”

এদিকে, এই জয়ী দলের অন্যতম সদস্য হলেন বাংলার মেয়ে রিচা ঘোষ। তাঁর পারফরম্যান্সও টুর্নামেন্টে বিশেষ ছাপ রেখেছে। বাংলার এই কৃতি কন্যার সাফল্যে গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ বিশ্বকাপের ফাইনালে আমাদের মেয়েদের সাফল্যে গোটা দেশ গর্বিত। তোমরা প্রমাণ করেছো যে বিশ্বমানে সেরা টিম তোমরা এবং আমাদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছো। তোমরা আমাদের হিরো।” তিনি আরও বলেন, এই লড়াই নতুন প্রজন্মের কিশোরী-যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

 

Related Articles