দেশ

Telangana: তেলঙ্গানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭

একটি যাত্রীবাহী বাস এবং পাথর বোঝাই একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

Truth of Bengal: সোমবার ভোরে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলা এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল। শেভেল্লা থানার আওতাধীন খানাপুর গেটের কাছে বিজাপুর হাইওয়ে এলাকায় রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের একটি যাত্রীবাহী বাস এবং পাথর বোঝাই একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে সতেরো জন (১৭) যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন আরও অন্তত দশ জন (১০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে পঞ্চাশের বেশি যাত্রী ছিলেন। বাসটি তাণ্ডুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক, অর্থাৎ চেভেল্লার দিক থেকে তাণ্ডুরের দিকে যাচ্ছিল পাথর বোঝাই ট্রাকটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে তীব্র গতিতে আসার কারণেই এই মারাত্মক বিপত্তি ঘটে। অতিরিক্ত গতি এবং সেই সঙ্গে ভোরবেলার ঘন কুয়াশা দুর্ঘটনার কারণ হতে পারে বলেও পুলিশ মনে করছে (Telangana)।

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাস এবং ট্রাক—উভয়েরই সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা এলাকাবাসীরা তীব্র আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন এবং তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে (Telangana)।

দুর্ঘটনার ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে আরও অনেক যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। তবে ঠিক কী কারণে ট্রাকটি ভুল লেনে এসেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই ভয়াবহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে (Telangana)।

Related Articles