India Fourth Largest Economy: জাপানকে টপকে বিশ্ব অর্থনীতির ‘বিগ ফোর’-এ জায়গা করে নিল ভারত
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় ভারতের ওপরে এখন রয়েছে কেবল আমেরিকা, চিন এবং জার্মানি।
Truth of Bengal: জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির শিরোপা দখল করল ভারত। বছরের শেষে কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যে এই চাঞ্চল্যকর সাফল্যের খবরটি সামনে এসেছে। অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর তালিকায় ভারতের ওপরে এখন রয়েছে কেবল আমেরিকা, চিন এবং জার্মানি।
ভারতের এই উল্লম্ফন কেবল বর্তমানের সাফল্য নয়, বরং এক বিশাল লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। ২০২২ সালে ভারতের জিডিপি ছিল প্রায় সাড়ে তিন ট্রিলিয়ন ডলার। গত কয়েক বছরে দ্রুতগতির উন্নতির ফলে তা এখন আরও কয়েক কদম এগিয়েছে। অর্থমন্ত্রকের দাবি, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৃহৎ অর্থনীতি এবং এই গতি বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে দেশের জিডিপি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। সেই সময় ভারত জার্মানিকেও টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির আসনে বসার লক্ষ্য নিয়েছে।
২০২৭ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদি সরকার। সাম্প্রতিক আর্থিক রিপোর্টগুলো বলছে, সেই লক্ষ্যমাত্রা সময়ের মধ্যেই পূরণ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের মূল্যায়ন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তি হওয়ার মাইলফলক স্পর্শ করবে দেশ। ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই অর্থনীতিকে বিশ্বের তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা কেন্দ্রের রয়েছে, তা রাজনৈতিকভাবেও শাসক দলের জন্য বাড়তি সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
সরকারের এই দাবি ও লক্ষ্যমাত্রার বিপরীতে অবশ্য বিরোধীদের সমালোচনাও থেমে নেই। বিরোধী শিবিরের অন্যতম প্রধান অভিযোগ হলো, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আর্থিক উন্নতির চেয়ে নিজস্ব রাজনৈতিক কর্মসূচি এবং প্রচারের দিকেই বেশি মনোযোগী। তাঁদের দাবি, অর্থনীতির এই বিশাল অঙ্কের বৃদ্ধির সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাচ্ছে না, বরং মুষ্টিমেয় কয়েকজন শিল্পপতির হাতেই দেশের সম্পদ পুঞ্জীভূত হচ্ছে।
যাইহোক, কেন্দ্র সরকার মনে করছে যে অর্থনীতির এই মজবুত ভিত এবং ধারাবাহিক বৃদ্ধির হার বজায় থাকলে ২০৪৭ সালের মধ্যে দেশ উচ্চ-মধ্য আয়ের দেশ হওয়ার লক্ষ্যপূরণে অনেকটা সফল হবে। বিশ্ব অর্থনীতিতে জাপানের মতো দেশকে পেছনে ফেলা ভারতের জন্য এক ঐতিহাসিক অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।






