কলকাতারাজ্যের খবর

Kolkata Cold Wave: মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল তিলোত্তমা, পারদ নামল ১১ ডিগ্রিতে

দৃশ্যমানতা নেমে এসেছে অত্যন্ত নিচে—একহাত দূরের জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে। বেলা বাড়লেও বহু এলাকায় কুয়াশার দাপট বজায় রয়েছে।

Truth of Bengal: বছরশেষে মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল তিলোত্তমা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১১ ডিগ্রি সেলসিয়াসে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর এই প্রথম ফের ১১ ডিগ্রির ঘরে নামল শহরের পারদ। স্বাভাবিকভাবেই শীতে জবুথবু দশা কলকাতা ও আশপাশের জেলার বাসিন্দাদের। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে পথঘাট। দৃশ্যমানতা নেমে এসেছে অত্যন্ত নিচে—একহাত দূরের জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে। বেলা বাড়লেও বহু এলাকায় কুয়াশার দাপট বজায় রয়েছে।

চলতি শীতের মরশুমে ডিসেম্বরের শেষ কয়েকটি দিন কার্যত শীতবিলাসীদের জন্য উপহার হয়ে এসেছে। কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২–১৩ ডিগ্রির আশপাশে, ফলে জেলার বিভিন্ন প্রান্তে পারদ আরও নিচে নেমেছে।আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। পাশাপাশি কেরলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া প্রভাবেই উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র শীতের পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে বাংলাতেও।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েক দিন সকাল পর্যন্ত কুয়াশা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৯–১০ ডিগ্রির মধ্যে থাকলেও কোথাও কোথাও তা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তুলনামূলকভাবে উষ্ণতা বেশি থাকবে—১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গে আগামী সপ্তাহে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। আগামী ২–৩ দিন সকালের দিকে ঘন কুয়াশার আশঙ্কায় দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles