ভোট দিতে পারবেন না ট্রাইব্যুনালে আবেদনকারীরা? সোমবার যা জানাল সুপ্রিম কোর্ট…
ভোট দিতে পারবেন না ১৬ লক্ষ মানুষ? এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা, কী বললেন প্রধান বিচারপতি?
Truth of Bengal: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বড়সড় ধাক্কা খেলেন বাংলার লক্ষ লক্ষ ভোটার। এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়া বা ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানের সুযোগ দেওয়ার সম্ভাবনা কার্যত নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর ও মোথাবাড়ি কাণ্ড নিয়ে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে নতুন করে ভোটারদের সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে বাংলার প্রায় ১৬ লক্ষ আবেদনকারীর ভোটাধিকার নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হলো। প্রধান বিচারপতি সূর্য কান্ত এদিন মন্তব্য করেন, “ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোটদানে এবার সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। এমন কোনও কাজ করতে পারি না, যাতে আপিল ট্রাইব্যুনালের বিচারপতিদের উপর আরও চাপ তৈরি হয়।” তিনি আরও জানান, যদি এই অনুমতি দেওয়া হয়, তবে যাঁদের নাম তালিকায় রয়েছে তাঁদের ভোটাধিকার স্থগিত করার মতো জটিলতা তৈরি হতে পারে।
আইনি বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিয়ে আদালত জানায়, বাংলায় দুই দফার নির্বাচনের ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ বা চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রথম দফার জন্য ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল ছিল সময়সীমা। নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন রাত ১২টা পর্যন্ত যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, কেবলমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন। ফলে যাঁরা বর্তমানে বিচারাধীন, তাঁদের নাম এই তালিকায় নেই।
এদিন আদালতে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ১৬ লক্ষ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আর্জি জানালে প্রধান বিচারপতি তা খারিজের ইঙ্গিত দেন। প্রধান বিচারপতির কড়া অবস্থান এবং ট্রাইব্যুনালের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর যুক্তিতে চাপে পড়ল আবেদনকারী পক্ষ। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হলেও, ২৩ ও ২৯ এপ্রিলের ভোটে এই বিশাল সংখ্যক মানুষ ব্রাত্যই থেকে যাচ্ছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।






