ভুয়ো খবরের বন্যা! ফেক নিউজ আটকাতে আইআইটি কানপুরের পড়ুয়াদের নয়া উদ্যোগ
IIT Kanpur students launch new initiative to stop fake news
Truth Of Bengal: মৌ বসু : চারিদিকে শুধু ভুয়ো খবরের বন্যা বয়ে চলেছে। দেশদশের বিষয় ভাবনা থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। নানান বিষয় নিয়েই ভুল তথ্য আদানপ্রদান হচ্ছে নিরন্তর সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সেই সব খবর বিন্দুমাত্র না যাচাই করেই সহজেই বিশ্বাস করে ফেলেন। এরকমই পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা ভুলভাল স্বাস্থ্য সংক্রান্ত খবর দেখেই বীতশ্রদ্ধ হয়ে আইআইটি কানপুরের ২ পড়ুয়া হিমাংশু পাণ্ডে আর হামিদা সঈদের মাথায় আসে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর আটকানোর বিষয় কিছু একটা করার কথা। সেই ভাবনা থেকেই তাঁরা তৈরি করেছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা ট্রেনিং প্লাটফর্ম। এমন এআই প্রযুক্তি নির্ভর ট্রেনিং প্লাটফর্ম সোশ্যাল মিডিয়ায় কড়া ভাবে নয় ‘সহমর্মিতা’ ও ধৈর্য সহকারে ভুয়ো খবর আটকাবে।
দিল্লির বাসিন্দা হামিদা সঈদ আর উত্তর প্রদেশের মঈনপুরীর বাসিন্দা হিমাংশু পাণ্ডে। আইআইটি কানপুরের এই ২ পড়ুয়ার তৈরি এআই প্রযুক্তি নির্ভর ট্রেনিং প্লাটফর্মের নাম “Bunk with Kindness”।
কড়া ভাবে নয় কেন সহমর্মিতার সঙ্গে ভুয়ো খবর আটকানো হবে? এপ্রসঙ্গে বলতে গিয়ে হিমাংশু জানান, হোয়াটসঅ্যাপের মতো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে যে সব ভুয়ো খবর চালাচালি হয় তা শুধু সঠিক তথ্য তুলে ধরলেই আটকানো সম্ভব নয়। যারা ভুয়ো খবর ছড়াচ্ছে তাদের সহমর্মিতার সঙ্গে সঠিক ভাবে তথ্য তুলে ধরে বুঝিয়ে সুঝিয়ে ভুল পথ থেকে সরিয়ে আনতে হবে।
Bunk with Kindness হল এমন এক এআই টুল যা মানুষের মনোভাব বদলাতে সাহায্য করে। সঠিক ভাবে তথ্য তুলে ধরলেই হয় না, কারণ অনেকেই তা হালকা চালে নেয় বিশেষ গুরুত্ব দিতে চায় না। তাই বুঝিয়ে সুঝিয়ে ধৈর্য সহকারে ভুয়ো খবরের কারবারিদের আটকাতে হবে। আমাদের এআই টুল ফ্যাক্ট চেকের মাধ্যমে ভুয়ো খবর আটকাবে।






