রাজ্যের খবর

Panitanki: ভারত নেপাল সীমান্তের পানিটঙ্কি এলাকা থেকে বন্যপ্রাণীর দেহাংশ সহ গ্রেফতার ২

গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সহ দুই নেপালি যুবককে গ্রেফতার করা হয়েছে।

Truth of Bengal: ভারত-নেপাল সীমান্তের পানিটঙ্কি এলাকায় অভিযান চালিয়ে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের বড়সড় ছক বানচাল করল এসএসবি (SSB) এবং বন দফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ প্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ সহ দুই নেপালি যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দিক বাহাদুর দার্নেল ও কর্ণ বাহাদুর বিশ্বকর্মা। তারা দুজনেই নেপালের কোষি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত পানিটঙ্কি সীমান্ত এলাকায় এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় ওই দুই যুবকের গতিবিধি দেখে জওয়ানদের সন্দেহ হয়। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বস্তাবন্দি বন্যপ্রাণীর দেহাংশ। এর পরেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। খড়িবাড়ি রেঞ্জ ও বনবিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ওই দুই যুবককে নিজেদের হেফাজতে নেন এবং আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করেন। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে চারটি হরিণের শিং, একটি বিরল প্রজাতির গোরালের শিং, তিনটি সাপের কঙ্কাল, একটি বুনো শূকরের দাঁত এবং চারটি হর্নবিল পাখির ঠোঁট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ দেহাংশ ভারত থেকে নেপালে পাচার করা হচ্ছিল, নাকি অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক জেরায় ধৃতরা এই পাচার চক্রের মূল পাণ্ডাদের বিষয়ে মুখ খোলেনি। বনদপ্তর ও এসএসবি যৌথভাবে খতিয়ে দেখছে আন্তর্জাতিক এই পাচার চক্রের সঙ্গে আরও বড় কোনো মাথা জড়িত রয়েছে কি না। ইতিমধ্যে ধৃত দুই যুবককে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি এই ঘটনার উৎস সন্ধানে তৎপর হয়েছে প্রশাসন।

Related Articles