স্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে দুই মেয়েকে গলা কেটে খুন করল বাবা!
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
Truth Of Bengal: স্ত্রীর সঙ্গে তীব্র ঝগড়ার জেরে চরম সিদ্ধান্ত নিল স্বামী। রাগের মাথায় মাত্র দুই বছরের যমজ কন্যাসন্তানকে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়। অভিযুক্তের নাম রাহুল চহ্বান।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে বেরিয়েছিলেন রাহুল। পথে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে।
ঝগড়া চরমে ওঠায় স্ত্রী দুই শিশুকে রাহুলের দায়িত্বে রেখে বাপের বাড়ি ফিরে যান। এরপর রাহুল একাই সন্তানদের নিয়ে বাড়ি ফেরেন।পুলিশের প্রাথমিক অনুমান, বাড়ি ফেরার পথে রাগের বশে রাহুল দুই শিশুকন্যাকে বুলধানার আঞ্চারওয়াড়ি এলাকার একটি জঙ্গলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে দেহে আগুন লাগানোর চেষ্টাও করেন বলে সন্দেহ তদন্তকারীদের।ঘটনার প্রায় চার দিন পর রাহুল নিজেই ওয়াশিম থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজের অপরাধের কথা স্বীকার করেন।
তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ জঙ্গলে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দুই শিশুকন্যার আংশিকভাবে পোড়া দেহ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, খুনের পর রাহুল প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে নিন্দার ঝড়।বুলধানা জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মনীষা কদম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে রাহুল চহ্বানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে চলছে বিস্তারিত তদন্ত।






