দেশ

Big Breaking: শপথ অনুষ্ঠানের জন্য দিল্লিতে জারি থাকবে হাই অ্যালার্ট, নো ফ্লাইং জোন ঘোষণা

Delhi declared no-flying zone from June 9-10, prohibitory order issued

The Truth of Bengal: রবিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। তার এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে জারি থাকবে হাই অ্যালার্ট। দিল্লি পুলিশের তরফ থেকে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এনডিএ জোটের নেতা হিসাবে তাঁর নাম শুক্রবার ঘোষণা করা হয়। ঐদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখাও করেন নরেন্দ্র মোদি। রবিবার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পাশাপাশি মন্ত্রীসভার আরও কয়েকজন সদস্যও শপথগ্রহণ করবেন। এই শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে থাকছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। রাজধানী দিল্লি সেজে উঠেছে। দেশ-বিদেশের অতিথি অভ্যাগতরা উপস্থিত থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মরিশাসের রাষ্ট্রপ্রধানদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। তাঁদের নিরাপত্তায় কোন ধরনের যাতে খামতি না থাকে তার জন্য সতর্ক দিল্লি পুলিশ। নিরাপত্তার নিচ্ছিদ্র চাদরে ঘিরে ফেলা হচ্ছে রাজধানী শহরকে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের SWAT ও NSG কমান্ডাররা রবিবার রাষ্ট্রপতি ভবন ও বিভিন্ন প্রশাসনিক কার্যালয় ঘিরে রাখবে।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই বহুস্তুরীয় নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হবে রাষ্ট্রপতি ভবন ও আশপাশের এলাকা। রাষ্ট্রপতি ভবনের ভিতরে এবং বাইরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। বাইরের স্তরে থাকবে দিল্লি পুলিশের কর্মীরা। দ্বিতীয় স্তর নিরাপত্তা দায়িত্বে থাকবেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। আর ভিতরের বলয়ে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রাষ্ট্রপতি ভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষীরা। পাঁচটি আধা সামরিক এবং দিল্লি আর্মড পুলিশ কোম্পানি সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মী শপথ গ্রহণ অনুষ্ঠানের চারপাশে মোতায়েন থাকবে। শহরের বড় বড় হোটেল গুলিকে নিরাপত্তা জোনের আওতায় আনা হচ্ছে।

দেশ-বিদেশের অতিথি অভ্যাগতরা এইসব হোটেল গুলিতে থাকবেন। তাঁরা যে রুট ধরে যাতায়াত করবেন সেখানেও সশস্ত্র পুলিশ কর্মী মোতায়েন থাকবে। শনিবার থেকেই রাজধানীর সীমান্তে নিরাপত্তা ও চেকিং ব্যবস্থাকে আরো কঠোর করা হয়েছে। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে ট্রাফিকের ক্ষেত্রে বেশ কিছু নয়া বিধি চালু করতে চলেছে দিল্লি পুলিশ। বেশ কিছু রাস্তা বন্ধ করা হবে। দিল্লিতে প্যারা গ্লাডার, প্যারা মোটর, ইউএভি এবং মাইক্রোলাইড বিমান ওড়ানোর উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। দিল্লি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তা ঘোষণা করা হয়েছে। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা জানিয়েছেন, শপথ গ্রহণের দিনে রাজধানী দিল্লি নো ফ্লাইং জোন হিসাবে থাকবে। যদি কেউ তা অমান্য করে সে ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Related Articles