দেশ

ধেয়ে আসছে ‘ফেনজল’! ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

cyclone fengal to make landfall on saturday on tamil nadu puducherry coastal area

Truth Of Bengal: উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ফেনজল’। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার বিকেলের মধ্যেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘ফেনজল’। তামিলনাড়ু-পুদুচেরী উপকূলে কারাইকাল এবং মহাবলীপুরমের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। সেই সময় ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ফলে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল সংলগ্ন এলাকাগুলোতে।

শুক্রবারই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ফেনজল’। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর-উত্তর পশ্চিমের দিকে এগিয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। শনিবার সকালের দিকে চেন্নাই থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরি থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকেলের মধ্যে হবে ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’।

তাণ্ডব চালাতে পারে ফেনজল। পরিস্থিতি মোকাবিলায় তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষয়ক্ষতি এড়াতে একাধিক পদক্ষেপ করেছে স্ট্যালিন সরকার।  বন্ধ করে দেওয়া হয়েছে অফিস, স্কুল, কলেজ। বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে বলে খবর। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় দু’হাজারের বেশি ত্রাণশিবির খোলা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড শেল্টারে। খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেনজলের প্রভাব পড়বে না বাংলায়। তবে, শীতের পথে বাধা। আগামী ক’টা দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles