
The Truth of Bengal: সংসদে হানা নিয়ে এখনও উত্তাল দেশ। বিরোধীরা এখনও চাপে রেখেছে বিজেপিকে। এই ঘটনায় যথেষ্ট চাপে সরকারপক্ষ। স্পিকার ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। ঘটনার পর এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় তিনি উদ্বেগপ্রকাশ করেছেন। পাশপাশি তিনি বিরোধীদের আক্রমণ করে বলেছেন, এই ঘটনায় বিরোধীরা অযথা রাজনীতি করছে। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রীর দাবি, সরকার দ্রুত এই ষড়যন্ত্রের নেপথ্যে পৌঁছে যাবে।
সসংসদ হানা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৩ ডিসেম্বরের ঘটনা চিন্তার এবং উদ্বেগের। এর নেপথ্যে কারা আছে, কেনই-বা তাঁরা এই ঘটনা ঘটালেন, তা জানতে বিস্তারিত তদন্তের প্রয়োজন। দ্রুত সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ঘটনার তদন্তে লোকসভার স্পিকার ওম বিড়লা একটি তদন্ত কমিটি গড়েছেন।
বুধবার সংসদে হানার পর নড়ে উঠেছিল গোটা দেশ। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করেন তিনি। জানা গিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে জানান এই ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। পাশপাশি তিনি আরও জানান, এই ঘটনা নিয়ে তাঁরা যেন কোনওভাবে রাজনীতিতে জড়িয়ে না পড়েন।






