দেশ

‘আম্বেদকরকে মুছে ফেলার কৌশল কংগ্রেসের!’, শাহর হয়ে ব্যাটিং মোদীর

Congress' lies cannot hide its insults to Ambedkar says modi

Truth Of Bengal: সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যে শোরগোল। বুধবার সংসদে এই নিয়ে তুমুল হট্টগোল হয়। বিরোধী সাংসদরা সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসকে নিশানা করে মোদী লেখেন,”ডঃ আম্বেদকরকে অপমান করার এবং এসসি/এসটি সম্প্রদায়কে উপেক্ষা করার ইতিহাস রয়েছে কংগ্রেসের। সেই তথ্যই সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তারা স্পষ্টতই স্তম্ভিত এবং হতবাক হয়ে গেছে অমিত শাহর উপস্থাপিত তথ্য দেখে,  যে কারণে তাঁরা এখন নাটক করছেন। দেশের  মানুষ সত্যটা জানেন।’

আরেকটি পোস্টে মোদী লেখেন, বারবার আম্বেদকরের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে কংগ্রেস। তিনি বলেন, “কংগ্রেস অস্বীকার করতে পারে না যে এসসি/এসটি সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য গণহত্যা তাদের শাসনকালে ঘটেছে। বছরের পর বছর তারা ক্ষমতায় বসেছিল কিন্তু এসসি এবং এসটি সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য উল্লেখযোগ্য কিছুই করেনি।”

প্রসঙ্গত, সংবিধান নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে! আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গে যেতেন। আম্বেদকরের নাম একশত বার নিন, কিন্তু আমি প্রশ্ন তুলব আম্বেদকর সম্পর্কে কংগ্রেস দল কী অনুভব করে।’

এরপরেই অমিত শাহের বক্তব্যকে আম্বেদকরের অপমান বলে অভিহিত করেছে কংগ্রেস। এই ইস্যুতে অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। অমিত শাহের মন্তব্য নিয়ে বুধবার সংসদে তুমুল হট্টগোল হয়। বিরোধী সাংসদরা সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান।

Related Articles