দেশ

স্বামীর ঝুলন্ত দেহ দেখেই ১৭ তলা থেকে ঝাঁপ স্ত্রীর, স্তম্ভিত প্রতিবেশীরা

পুলিশ জানিয়েছে, সোমবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বামী ও স্ত্রী দু’জনেই আত্মহননের পথ বেছে নেন।

Truth of Bengal: বেঙ্গালুরুতে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দম্পতির রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তেলঙ্গানার বাসিন্দা ওই দম্পতি বেঙ্গালুরুর একটি বহুতল আবাসনে থাকতেন। পুলিশ জানিয়েছে, সোমবার মাত্র কয়েক মিনিটের ব্যবধানে স্বামী ও স্ত্রী দু’জনেই আত্মহননের পথ বেছে নেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী ভানু চন্দর রেড্ডি কুন্টা সোমবার নিজের ফ্ল্যাটের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর স্ত্রী, ৩১ বছর বয়সী বিবি সাজিয়া সিরাজ, যিনি আইবিএম-এ (IBM) কর্মরত ছিলেন, দীর্ঘক্ষণ ডাকাডাকির পর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। সন্দেহ হওয়ায় তিনি নিরাপত্তারক্ষী ও প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভাঙেন। ভেতরে ঢুকেই স্বামীর ঝুলন্ত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্বামীর নিথর দেহ দেখার কয়েক মিনিটের মধ্যেই চরম সিদ্ধান্ত নেন সাজিয়া। প্রত্যক্ষদর্শীদের মতে, শোকের আতিশয্যে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ওই আবাসনের ১৭ তলা থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ভানু চন্দর তেলঙ্গানার সিদ্দিপেটের বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে এই দম্পতি বেঙ্গালুরুতে বসবাস করতেন।

এই মর্মান্তিক ঘটনায় দম্পতির পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত আত্মহত্যার সঠিক কারণ জানতে পারেনি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।দম্পতির মধ্যে কোনো পারিবারিক বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কর্মক্ষেত্রে কোনো মানসিক চাপ বা আর্থিক সমস্যা ছিল কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

Related Articles