দেশ

বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্তেই সিলমোহর! রাজ্যকে স্বস্তি না দিয়ে মামলা ফেরাল সুপ্রিম কোর্ট

আদালতের নির্দেশ অনুযায়ী, এনআইএ তাদের প্রাথমিক তদন্তের গতিপ্রকৃতি এবং সংগৃহীত তথ্য একটি সিল করা খামে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পেশ করবে।

Truth of Bengal: মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র তদন্ত প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদন সত্ত্বেও শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, আপাতত এই মামলার তদন্ত এনআইএ-র হাতেই থাকছে। তবে মামলাটি পুনরায় কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানো হয়েছে। তদন্ত চলাকালীন ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রয়োগের মতো পরিস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখে একটি রিপোর্ট জমা দিতে হবে এনআইএকে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এনআইএ তাদের প্রাথমিক তদন্তের গতিপ্রকৃতি এবং সংগৃহীত তথ্য একটি সিল করা খামে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পেশ করবে। প্রধান বিচারপতির বেঞ্চ সেই রিপোর্টটি স্বাধীনভাবে পর্যালোচনা করবে এবং রাজ্য সরকারের বক্তব্য পুনরায় শুনবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছেন যে, এনআইএ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এফআইআরও দায়ের হয়েছে, তাই এই মুহূর্তে তদন্ত থামানোর কোনো কারণ নেই।

গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে বেলডাঙার এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের এই অঞ্চল। ১৬ এবং ১৭ জানুয়ারি দফায় দফায় পথ অবরোধ, ট্রেন ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে বহু মানুষকে গ্রেফতারও করা হয়। এরপরই এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ কার্যকর করেছিলেন। রাজ্য সরকার এনআইএ তদন্তের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেও এখনই কোনো আইনি রক্ষাকবচ মেলেনি। শীর্ষ আদালত ইউএপিএ ধারা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এনআইএ-র রিপোর্টের ওপরই পরবর্তী আইনি পদক্ষেপ নির্ভর করছে।

Related Articles