ত্যাজ্যপুত্র হওয়ার পর এবার পিতৃত্ব নিয়ে বিতর্ক! মুখ খুললেন তেজ প্রতাপ যাদব
পরিস্থিতি আরও গম্ভীর আকার ধারণ করায় জনশক্তি জনতা দলের প্রধান নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন।
Truth Of Bengal: তেজ প্রতাপের বিরুদ্ধে একবারের বেশি বিতর্কে নাম এসেছে। দাম্পত্য কলহের পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়ার পর লালুপ্রসাদ যাদবের বড় ছেলেকে পরিবার ও দল থেকে বিতাড়িত করা হয়েছিল। এবার সেই একই মহিলা অনুষ্কা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন—এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে সন্তানের পিতা তেজ প্রতাপই।
পরিস্থিতি আরও গম্ভীর আকার ধারণ করায় জনশক্তি জনতা দলের প্রধান নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অনুষ্কার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ওই সন্তানের পিতৃত্বের দায়ও তিনি নিতে রাজি নন। রবিবার তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে ভাবে গুজব ছড়ানো হচ্ছে তাতে আমি উদ্বিগ্ন। কয়েক মাস আগে ওই মহিলার সঙ্গে আমার নাম অত্যন্ত অপমানজনকভাবে জুড়ে দেওয়া হয়েছিল। যার ফলে আমাকে দল ও পরিবার থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আবার বলা হচ্ছে, ওই মহিলা আমার সন্তানকে জন্ম দিয়েছেন।”
তেজ প্রতাপ আরও জানান, তার বিরোধীদের কাছে অনুরোধ তিনি শুধু শান্তিতে থাকতে চান। তিনি দাবি করেন, তিনি সেই ব্যক্তিকে চেনেন যার সঙ্গে অনুষ্কার সম্পর্ক রয়েছে এবং তার ধারণা ওই ব্যক্তি সন্তানটির প্রকৃত পিতা। “আমার নাম জড়িয়ে আমাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন,” বলেন তেজ প্রতাপ।
এ ছাড়াও তিনি জানান, অনুষ্কার সঙ্গে আকাশ ভাটি নামের এক যুবকের সম্পর্ক রয়েছে। তেজ প্রতাপের দাবি, অনুষ্কার সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ার ঘটনাটিও একটি পরিকল্পিত ষড়যন্ত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি পাঁচ জনের নাম উল্লেখ করে তাদের ‘জয়চাঁদ’ আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, মুকেশ রোশন, সঞ্জয় যাদব, শক্তি সিং যাদব, রমিজ এবং সুনীল সিং এই পোস্টটি তৈরি করেছিল। তেজের দাবি, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে মিথ্যা ভাবে ১২ বছর ধরে ওই মহিলার সঙ্গে তার সম্পর্ক থাকার তথ্য ছড়ানো হয়েছিল।
উল্লেখ্য, সেই পোস্ট ভাইরাল হওয়ার পরই লালু পরিবারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। লালুপ্রসাদ যাদব তার বড় ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন এবং দল থেকেও তেজ প্রতাপকে বহিষ্কার করা হয়।






