ঘন কুয়াশায় লখনউ-দিল্লি সড়কে পর পর গাড়ির ধাক্কা! জখম অন্তত ১২
Truth Of Bengal: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নাটকীয়ভাবে কমে যাওয়ায় উত্তরপ্রদেশের লখনউ-দিল্লি জাতীয় সড়কে একের পর এক গাড়ির সংঘর্ষ ঘটেছে। রবিবার ভোরে এমনই ভয়াবহ কুয়াশা ছিল যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গজরৌলা কোতওয়ালি থানার শাহওয়াজপুর দোর গ্রামের কাছে ১০টি গাড়ি একসঙ্গে ধাক্কা খায় এবং এতে অন্তত ১২ জন আহত হন। অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্ঘটনার কারণে এলাকায় বড় ধরনের যানজট তৈরি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎই বিকট শব্দের পর চিৎকার-চেঁচামেচি শুরু হয়। কুয়াশা এত ঘন ছিল যে কয়েক হাত দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। জাতীয় সড়কে উঠেই দেখা যায় একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করেন, পরে পুলিশ ও উদ্ধারকারী দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশাও ক্রমেই তীব্র হয়ে উঠেছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী কয়েক দিন দিল্লি, উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের বেশির ভাগ অঞ্চলে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে।


