রাজ্যের খবর

ফোন বন্ধ, রাজনৈতিক অনুষ্ঠানেও ‘না’! আগামী ৭ দিন কোথায় থাকছেন রত্না দেবনাথ?

হঠাৎ অন্তরালে আর জি করের অভয়ার মা! রাজনীতি ও জনসংযোগ থেকে ৭ দিনের বিরতি রত্না দেবনাথের!

Truth of Bengal: আগস্ট মাসটা এলেই বুকে চেপে বসে একরাশ কষ্ট আর না-পাওয়ার বেদনা। এই অভিশপ্ত মাসেই তিনি হারিয়েছিলেন নিজের একমাত্র সন্তানকে। ২০২৪ সালের আগস্ট মাসের শুরুতেই ঘটে যাওয়া আর জি করের মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হাসপাতালের ভেতরেই নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। সেই ঘটনার পর থেকে সুবিচারের দাবিতে যিনি আন্দোলনের সামনের সারিতে থেকে লড়াই চালিয়ে গিয়েছেন, তিনি আর জি করে নিহত অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। কিন্তু লড়াইয়ের ময়দানে তিনি যতটাই শক্ত হন না কেন, এক মায়ের ব্যক্তিগত শোক আগস্ট মাস এলেই যেন নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। সেই কারণেই আগামী সাত দিনের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসংযোগ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে রত্না দেবনাথ নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত কারণে আগামী সাত দিন তিনি ফোনে বা সরাসরি কারও সঙ্গেই যোগাযোগ রাখতে পারবেন না। এই সময়ে কোনো রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতেও তাঁকে পাওয়া যাবে না। তবে বিধায়কের অনুপস্থিতিতেও তাঁর ‘জনতার কার্যালয়’-এর যাবতীয় প্রশাসনিক ও অফিশিয়াল কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে নিজের কষ্টের কথা ব্যক্ত করে রত্না দেবনাথ লিখেছেন, “আমি আপনাদের থেকে সাত দিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাত দিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনো রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি। আমার জনতার কার্যালয়ে অফিসিয়াল কাজ যেমন চলার চলবে। আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমার এই ক’দিনের অনুপস্থিতি আপনারা আন্তরিকভাবে মার্জনা করবেন আশা রাখি।”

চলতি বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি আসন থেকে জয়ী হয়ে বিজেপির বিধায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রত্না দেবনাথ। তবে তাঁর এই সাত দিনের বিরতির পেছনে কোনও রাজনৈতিক কৌশল নয়, বরং স্পষ্টভাবে ফুটে উঠেছে সন্তানহারা এক মায়ের নিভৃতে সময় কাটানোর আকুল আবেদন। আগস্টের এই দিনগুলোয় মেয়ের স্মৃতিকে আঁকড়ে ধরেই কিছুটা সময় আড়ালে কাটাতে চান তিনি।

Related Articles