কলকাতা

বেআইনি পার্কিং ও তোলাবাজি রুখতে বড় পদক্ষেপ! এবার কলকাতায় চালু হচ্ছে অ্যাপ-নির্ভর পার্কিং ব্যবস্থা

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, খুব শীঘ্রই কলকাতায় এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে

Truth of Bengal: কলকাতার রাস্তার দু’ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি কিংবা ফুটপাথের উপর বাইক ও চারচাকা রাখার ছবি নতুন নয়। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এই পার্কিংয়ের বড় অংশই বেআইনি বলে অভিযোগ। শুধু যানজট নয়, পার্কিংকে কেন্দ্র করে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও দীর্ঘদিনের। এবার গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অ্যাপ-নির্ভর পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিল কলকাতা পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, খুব শীঘ্রই কলকাতায় এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে। অ্যাপের মাধ্যমেই পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা, ফি নির্ধারণ এবং টাকা জমা দেওয়ার ব্যবস্থা থাকবে। নগদ লেনদেন কমিয়ে অনিয়মে রাশ টানাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে বেআইনি পার্কিং নিয়ন্ত্রণে একটি অ্যাপ চালুর কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। সেই পরিকল্পনায় পরিবহণ দফতর, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভাকে একই প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছিল। কোনও গাড়ি বেআইনি জায়গায় পার্ক করা হলে তার তথ্য একসঙ্গে তিনটি দফতরের কাছেই পৌঁছে যাওয়ার কথা ছিল। গাড়ির নম্বরের ভিত্তিতে মালিকের মোবাইলে জরিমানার বার্তা পাঠানোর পরিকল্পনাও ছিল। সাত দিনের মধ্যে জরিমানা জমা না দিলে তার পরিমাণ বাড়ানো এবং এক বছরের মধ্যে বকেয়া না মেটালে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরির কথা বলা হয়েছিল। তবে সেই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ। মঙ্গলবার পুরমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পার্কিংকে কেন্দ্র করে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। কলকাতা পুরসভার চিহ্নিত নির্দিষ্ট জায়গাতেই গাড়ি ও বাইক রাখতে হবে। যত্রতত্র কিংবা ফুটপাথ দখল করে পার্কিং করা যাবে না।

অগ্নিমিত্রা বলেন, “কলকাতা পুলিশ পুরসভার অধীন প্রায় ১৫ হাজার পার্কিংয়ের জায়গা চিহ্নিত করেছে। তার মধ্যে প্রায় ১০ হাজার জায়গা ইতিমধ্যেই তালিকাভুক্ত। বাকি জায়গাগুলি খতিয়ে দেখে তালিকায় যুক্ত করা হবে।” তালিকাভুক্ত জায়গার বাইরে গাড়ি রাখলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পার্কিং ব্যবস্থার জটিলতা দূর করতে কলকাতা পুলিশ নতুন অ্যাপটি তৈরি করছে। মন্ত্রীর কথায়, “অ্যাপের মাধ্যমেই পার্কিং ফি নেওয়া হবে।” ফলে নগদ টাকার লেনদেন কমবে এবং কোথায় কত টাকা আদায় হচ্ছে, তার হিসাবও সহজে রাখা যাবে। প্রতিটি চিহ্নিত পার্কিং এলাকায় ফি-র তালিকা প্রকাশ্যে টাঙানো থাকবে। কোন ধরনের গাড়ির জন্য ঘণ্টাপিছু কত টাকা দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক এবং সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে।

ফুটপাথ দখল করে গাড়ি বা বাইক রাখার বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, “ফুটপাথে কোনওভাবেই গাড়ি বা বাইক রাখা যাবে না।” নতুন ব্যবস্থা কার্যকর হলে শহরের পার্কিংয়ে শৃঙ্খলা ফেরার পাশাপাশি অবৈধ টাকা আদায়ের অভিযোগেও রাশ টানা সম্ভব হবে বলে মনে করছে পুরসভা।

Related Articles