Telecom Recharge Price: আগামী সপ্তাহ থেকেই প্ল্যানের দাম বাড়াতে পারে বেসরকারি টেলিকম সংস্থাগুলি
এই দাম বৃদ্ধির আওতা থেকে আপাতত একটি অংশ ছাড় পেতে পারে।
Truth of Bengal: আগামী সপ্তাহ থেকেই মোবাইল ফোন রিচার্জের জন্য গ্রাহকদের গুনতে হতে পারে অতিরিক্ত অর্থ। দেশের অধিকাংশ বেসরকারি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা ফের তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ভাবছে বলে খবর। তবে এই দাম বৃদ্ধির আওতা থেকে আপাতত একটি অংশ ছাড় পেতে পারে।
একটি প্রতিবেদন অনুসারে, দেশের বেশিরভাগ টেলিকম সংস্থার সেপ্টেম্বরের ত্রৈমাসিকে আয় আগের ত্রৈমাসিকের তুলনায় অনেকটাই কমে গেছে। প্রথম ত্রৈমাসিকে যেখানে আয় বৃদ্ধি ১৪ থেকে ১৬ শতাংশ ছিল, তা তৃতীয় ত্রৈমাসিকে প্রায় তলানিতে ঠেকেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসেম্বরেও আয়ের খুব একটা উন্নতি হবে না। এই আয় কমার প্রবণতা মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দামে পরিবর্তন আনার কথা ভাবছে। ওই প্রতিবেদন অনুযায়ী, এই দফায় জিও (Jio) বাদে অন্য যে সকল বেসরকারি টেলিকম সংস্থা রয়েছে, তাদের রিচার্জ প্ল্যানেই মূলত সংশোধন আসতে পারে।
ইতিমধ্যেই এই সংস্থা তাদের বার্ষিক প্ল্যানের দাম প্রায় ১২ শতাংশ বাড়িয়ে দুই হাজার টাকা করেছে। পাশাপাশি, ৮৪ দিনের প্ল্যানগুলির দামও বাড়িয়েছে তারা। এয়ারটেলও একই পথে হেঁটেছে। সম্প্রতি তাদের সবচেয়ে সস্তা প্ল্যানটিতেও ১০ টাকা দাম বাড়িয়েছে সংস্থাটি। অন্যদিকে, একমাত্র রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) তাদের কিছু প্ল্যানে দাম কমিয়েছে। তবে এই দাম বৃদ্ধি এখনও চূড়ান্ত নয়, এটি একটি প্রাথমিক আভাস মাত্র।
প্রতিবেদন অনুসারে, সবচেয়ে জনপ্রিয় ২৮ দিনের প্ল্যানগুলির ক্ষেত্রে দাম মোটামুটিভাবে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিকম সংস্থার কর্তা জানিয়েছেন, “এয়ারটেল এবং জিও-র প্রতিযোগিতার কারণে ভোডাফোন-আইডিয়া তাদের বেশিরভাগ গ্রাহককে হারিয়েছে। বিশেষ করে যে সকল ব্যবহারকারী সস্তার প্ল্যান নিতেন, তাঁরা ভি ছেড়ে অন্য নেটওয়ার্কে চলে গেছেন।” ফলে, ওয়াকিবহাল মহল মনে করছে, দাম বাড়ানোর এই দৌড়ে ভোডাফোনই সবার আগে রয়েছে।






