খেলা

অস্ট্রেলিয়া ওপেনে লক্ষ্যভেদ করলেন ভারতীয় শার্টলার লক্ষ্য সেন

এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গে চলতি বছরের প্রথম খেতাব ঘরে তুললেন ভারতীয় শার্টলার।

Truth Of Bengal: ভারতীয় ব্যাডমিন্টন জগতে খুশির খবর। চলতি বছরের অস্ট্রেলিয়া ওপেনের খেতাব জয় করলেন ভারতীয় শার্টলার লক্ষ্য সেন। রবিবার সিডনিতে আয়োজিত ফাইনাল ম্যাচে লক্ষ্য স্ট্রেট সেটে পরাজিত করেন বিশ্বের ১৪ নম্বর তালিকায় থাকা জাপানের তারকা ইউশি তানাকাকে। ম্যাচের ফল ২১-১৫, ২১-১১।

প্রসঙ্গত, রবিবার ফাইনাল ম্যাচে লক্ষ্য শুরু থেকেই যেন দুরন্ত ছন্দে ছিলেন। মাত্র ৩৮ মিনিটের লড়াইয়েই তিনি বাজিমাত করে দেন। এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গে চলতি বছরের প্রথম খেতাব ঘরে তুললেন ভারতীয় শার্টলার। উল্লেখ্য, লক্ষ্য এর আগে হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন বটে, কিন্তু তাঁর খেতাব জয় অধরাই থেকে গিয়েছিল। এর পাশাপাশি ২০২৩ সালের কানাডা ওপেনের খেতাব জয়ের পর এটাই প্রথম লক্ষ্যর ৫০০ প্রতিযোগিতায় খেতাব জয় করা।

বিশ্ব ক্রম তালিকায় জাপানিজ তারকার থেকে পিছিয়ে থাকলেও রবিবারের ফাইনাল ম্যাচে যেন সব বিভাগেই তাঁর প্রতিপক্ষকে পিছনে ফেলেছেন লক্ষ্য সেন। ছন্দে থাকা লক্ষ্যর বিরুদ্ধে প্রথমে কিছুটা লড়াই করার চেষ্টা করলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারপর থেকেই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের অধীনে নিয়ে ম্যাচ থেকে খেল হাসিল করে দেন ভারতীয় শার্টলার। লক্ষ্যর এই খেতাব জয় ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের মনে পরবর্তী টুর্নামেন্টগুলির ক্ষেত্রে একটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে।