স্বাস্থ্য

রোদে বাইরে বেরোচ্ছেন না অথচ পেশিতে টান? সাবধান ঘরের মধ্যেও হতে পারে হিটস্ট্রোক, কী কী উপসর্গ, প্রতিরোধ কীভাবে করবেন ?

Not going out in the sun but tense muscles? Caution, heatstroke can occur in the house, what are the symptoms, how to prevent it?

The Truth Of Bengal, Mou Basu: সাধারণত আমাদের দেহের তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইটের আশপাশে থাকে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে ঘাম হয়। গরমে বাইরের তাপমাত্রা বেড়ে গেলে আর শরীরে জলের অভাব হলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায়। হাইপোথ্যালামাস তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তীব্র দাবদাহে দেহের তাপমাত্রা বেড়ে গেলেই ঘটে বিপদ। শরীরের ক্ষতিগ্রস্ত কোষ থেকে হিট শক প্রোটিন বেরোয় যা স্নায়ুকে আক্রমণ করে। এর ফলে আক্রান্ত ব্যক্তি কোমায় চলে যান। একে বলে হিটস্ট্রোক।
তীব্র দাবদাহে গরমের মধ্যে বাড়িতে থাকলেও হিটস্ট্রোক হতে পারে। বিশেষ করে বদ্ধ ঘরের মধ্যে হাওয়া চলাচল কম হয় এমন ঘরে ঘাম বেশি হয়। শরীরের তাপমাত্রা বেড়ে যায়।

কী কী উপসর্গ দেখা গেলে বুঝবেন বাড়িতেও হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন কেউ

তীব্র গরমে পেশিতে টান লাগবে। ঘামের কারণে সোডিয়াম আর পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে যায়। জলের ঘাটতি দেখা যায়। পায়ের পেশি,কাফ মাসল, কুঁচকিতে টান লাগে। পর্যাপ্ত পরিমাণে জল খান। হাত দিয়ে ব্যথার জায়গায় ম্যাসাজ করুন। ওআরএস খান।

দীর্ঘ সময় গরমের মধ্যে কাটালে মাথা ব্যথা, নাড়ির গতি বেড়ে যাওয়া, মাথা ঘোরা, মানসিক বিভ্রান্তি হয়। তাপমাত্রা বেড়ে গেলে রক্তনালি প্রসারিত হয়ে যায় রক্তচাপ কমে যায়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হয়। একে বলে হিট সিনকোপ। ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে অল্প অল্প করে জল খাওয়ান। ২ পা মাটি থেকে তুলে রাখুন। ওআরএস খাওয়ান।

গরমে রক্তচাপ কমে গিয়ে প্রচণ্ড ক্লান্তি হয়। জল বা ওআরএস খান। ঠান্ডা জলে স্নান বা গা স্পঞ্জ করে নিন। জল না থাকলে তোয়ালের মধ্যে বরফ জড়িয়ে স্পঞ্জ করুন। বগলে, ঘাড়ে ও মাথায় জল দিন। হালকা ঢিলেঢালা পোশাক পরুন। ঘরের ভেতরে হাওয়া চলাচল কম থাকলে এয়ারকুলার বা জানলায় খসখস ব্যবহার করুন। দিনে ২ বার স্নান করুন।