
The Truth of Bengal: শরীর সুস্থ ও তরতাজা রাখতে শাকের জুড়ি মেলা ভার। কিন্তু শাক দিয়ে কি পদ বানাবেন অনেক সময়ই মাথায় আসেনা। আজ আপনাদের জন্য রইল ট্যাঙরা মাছ ও কলমি শাক দিয়ে একটা দারুন রেসিপি। কিভাবে বানাবেন জেনেনিন সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগীর থেকে।
উপকরণ
কলমি শাক- ৫০০ গ্রাম
ট্যাঙরা মাছ- ৩০০ গ্রাম
কাঁচা হলুদ বাটা- ৮ গ্রাম
কালো জিরে- ৩ গ্রাম
গোটা শুকনো লঙ্কা-৪ টি
গোটা জিরে- ৫ গ্রাম
গোটা ধনে- ৩ গ্রাম
রসুনের কোয়া- ১৫ গ্রাম
আদা বাটা- ৫ গ্রাম
আলু – ১০০ গ্রাম
টম্যাটো- ৪৫ গ্রাম
ধনে পাতা- ৫ গ্রাম
পাতিলেবুর রস – ৫ মিলি
পেঁয়াজ কুচি- ৬০ গ্রাম
কাঁচালঙ্কা চেরা ১৫ গ্রাম
সরষের তেল- ৬০ মিলি
নুন – ৬ গ্রাম
প্রণালী
ভাজা মসলা বানানোর জন্য একটা পাত্রে গোটা জিরে, গোটা ধনে, রসুনের কোয়া এবং শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা মসলা ঠাণ্ডা হলে গ্রাইন্ডারে দিয়ে তার সাথে কাঁচা হলুদ দিয়ে মসৃণ পেষ্ট বানিয়ে নিতে হবে।কলমি শাক থেকে পাতার অংশ বেছে নিয়ে ভালো করে ধুয়ে সরিয়ে রাখতে হবে। আলু সরু ও লম্বা করে কেটে নিতে হবে।ট্যাঙরা মাছকে কিছুটা ভাজা মসলার পেস্ট ও নুন দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে ১৫ মিনিট। একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিতে হবে। কালো জিরে চড়চড় করে উঠলে তাতে আদা বাটা ও ১ চা চামচ ভাজা মসলার পেস্ট দিয়ে নাড়তে হবে। একটু নাড়াচাড়া করে কড়াইতে কলমি শাক দিয়ে তার ওপর নুন ছড়িয়ে দিতে হবে যাতে শাক নরম হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে ঢিমে আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না শাকের থেকে জল বেরিয়ে আসে। জল বেরোলে শাক তুলে আলাদা করে রেখে দিতে হবে। একই পাত্রে ১ চা চামচ সরষের তেল দিয়ে তাতে এক চিমটে কালো জিরে, চিরে রাখা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। মসলা ফাটতে শুরু করলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা ট্যাঙরা মাছ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। একই পাত্রে কেটে রাখা আলু দিয়ে ভেজে তুলে রাখতে হবে যাতে আলু আধ সেদ্ধ হয়ে যায়। এই পাত্রেই সরষের তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিয়ে তার মধ্যে টম্যাটো দিয়ে তাতে নুন ছড়িয়ে দিতে হবে যাতে টম্যাটো তাড়াতাড়ি গলে যায়। এরপর ভাজা মসলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর একে একে কলমি শাক, ভেজে রাখা আলু এবং ভাজা ট্যাঙরা মাছ দিয়ে খানিকটা জল আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে পাত্রটি ঢেকে ৫ মিনিট মতন রান্না হতে দিতে হবে। পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে রান্নায় নুনের পরিমাণ দেখে নিয়ে সামান্য লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিতে হবে।






