গ্ল্যামার দুনিয়ায় থেকেও পড়াশোনায় আপস নয়! দীর্ঘ ৬ বছরের লড়াই শেষে এমবিবিএস পাশ করলেন শ্রীলীলা
দীর্ঘ ছয় বছরের পরিশ্রম শেষে এখন থেকে তাঁর নামের পাশে যুক্ত হল ডক্টর উপাধি।
Truth of Bengal: অভিনয় জগতের গ্ল্যামার আর পড়াশোনার কঠিন লড়াই যে একইসাথে জেতা যায়, তা প্রমাণ করে দিলেন দক্ষিণী তারকা শ্রীলীলা। সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে কিসিক গানে তাঁর নাচ যখন নেট দুনিয়ায় ঝড় তুলছে, ঠিক তখনই জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। মঙ্গলবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এমবিবিএস ডিগ্রি গ্রহণ করলেন তিনি। দীর্ঘ ছয় বছরের পরিশ্রম শেষে এখন থেকে তাঁর নামের পাশে যুক্ত হল ডক্টর উপাধি।
১০ ফেব্রুয়ারি আয়োজিত এই কনভোকেশন অনুষ্ঠানের একাধিক ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, অন্যান্য সাধারণ পড়ুয়াদের মতোই বাদামি রঙের গাউন এবং কনভোকেশন হ্যাট পরে মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তিনি। নিজের হাতে চিকিৎসক হওয়ার শংসাপত্রটি গ্রহণ করার মুহূর্তটি ছিল তাঁর কাছে অত্যন্ত আবেগঘন। মঞ্চ থেকে নেমে আসার পরেই বাবা-মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। কেরিয়ারের মধ্যগগনে থেকেও শিক্ষার প্রতি এই একনিষ্ঠতা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
শ্রীলীলার এই যাত্রা অবশ্য খুব একটা সহজ ছিল না। ছোটবেলা থেকেই তিনি নাচ এবং অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। পেশাদার ভরতনাট্যম শিল্পী হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তিনি অভিনয় শুরু করেন ২০১৭ সালে চিত্রাঙ্গদা নামক একটি তেলুগু ছবির মাধ্যমে। এরপর একের পর এক হিট ছবি উপহার দিলেও নিজের ডাক্তারি পড়াশোনা তিনি এক মুহূর্তের জন্যও অবহেলা করেননি। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে কীভাবে এমবিবিএস কোর্স সম্পন্ন করা যায়, শ্রীলীলা আজ সেই দৃষ্টান্ত স্থাপন করলেন।





