বিনোদন

পরকীয়া বিতর্ক নিয়ে এবার নীরবতা ভাঙলেন গোবিন্দ

সেই অভিযোগের জবাব দিতে গিয়েই গোবিন্দ বললেন, তাঁর নামে এ ধরনের বদনাম নতুন নয়, বরং বহু দিনের পুরোনো। 

Truth Of Bengal: অভিনেতা গোবিন্দ কি আবার প্রেমে পড়েছেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে এমন কিছু কথা বললেন অভিনেতা, যা ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘ দিন ধরেই তাঁর স্ত্রী সুনীতা আহুজা দাবি করে আসছেন, গোবিন্দ নাকি মরাঠি অভিনেত্রী কোমলের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেই অভিযোগের জবাব দিতে গিয়েই গোবিন্দ বললেন, তাঁর নামে এ ধরনের বদনাম নতুন নয়, বরং বহু দিনের পুরোনো।

গোবিন্দকে ঘিরে প্রেমের গুঞ্জন আজকের নয়। কেরিয়ারের শুরুতে নীলম কোঠারির সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। পরবর্তী সময়ে সেই তালিকায় যুক্ত হয়েছেন করিশ্মা কপূর, রানি মুখোপাধ্যায়-সহ একাধিক অভিনেত্রীর নাম। ফলে সুনীতা যখন প্রকাশ্যে স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তখন অনেকেই তা বিশ্বাস করেছেন। গত বছর থেকেই বলিউডের অন্দরমহলে এই সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। প্রায়ই প্রকাশ্যে গোবিন্দকে কাঠগড়ায় দাঁড় করাতে দেখা গিয়েছে সুনীতাকে, অথচ এতদিন অভিনেতা ছিলেন নীরব।

অবশেষে সেই নীরবতা ভাঙলেন গোবিন্দ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতার সুরে তিনি বলেন, “আমার নামে কখন অপবাদ রটেনি? যে আমাকে দোষ দিচ্ছে, সে তো আমার ছোটবেলার ভালোবাসা। প্রেমের ক্ষেত্রে কোনো দিনই সব নিখুঁত হয়নি। আবার কেউ কেউ বলেন, এখনকার প্রেম নাকি বুড়ো বয়সের প্রেম!”

এর পর অবশ্য স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান অভিনেতা। তিনি বলেন, কোনো দিন কোনো নায়িকাকে তিনি ‘খারাপ’ চোখে দেখেননি। গোবিন্দের দাবি, “আমার বিপরীতে চার জন বড় তারকা অভিনেত্রী, এমনকি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন কাজ করেছেন। তাঁদের জিজ্ঞাসা করে দেখুন, আমি কখনও কুপ্রস্তাব দিয়েছি কি না।”

নায়িকাদের প্রতি নিজের শ্রদ্ধার কারণও ব্যাখ্যা করেন গোবিন্দ। তাঁর কথায়, “আমার মা নিজেই অভিনেত্রী ছিলেন। তাই নায়িকাদের সঙ্গে খারাপ ব্যবহার করার প্রশ্নই ওঠে না।” সুনীতার বক্তব্যে যে তিনি আহত, সে কথাও স্পষ্ট করে জানিয়েছেন অভিনেতা।

এই প্রসঙ্গে তিনি বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের কাছেও ক্ষমা চান। গোবিন্দ বলেন, “আমাকে নিয়ে যেভাবে কথা ছড়ানো হচ্ছে, তাতে হয়তো আপনারা আমার সঙ্গে কাজ করতে ভয় পাবেন। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”

পাশাপাশি মরাঠি অভিনেত্রী কোমলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোবিন্দ। বিনোদন জগতে বহু সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কোমল—সে কথা উল্লেখ করে তিনি বলেন, “সুনীতা আমাকে জড়িয়ে ওঁকে নিয়ে এত কথা বলছেন, তবু কোমল নীরব থেকেছেন। তার জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ।”

Related Articles