পুনেতে বাঙালি শ্রমিক খুনকে ‘ঘৃণাজনিত অপরাধ’ বললেন মুখ্যমন্ত্রী
এই ঘটনায় তিনি “স্তম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে মর্মাহত”
Truth of Bengal: মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বাগমুন্ডির বাসিন্দা তথা ব্যান্ডওয়ানের তরুণ শ্রমিক সুকেন মাহাতোর নৃশংস হত্যাকাণ্ড ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তারএক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, এই ঘটনায় তিনি “স্তম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে মর্মাহত”।মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেন, ২৪ বছর বয়সী সুকেন মাহাতো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। কাজের সূত্রে পুনেতে গিয়েছিলেন তিনি।

অভিযোগ, ভাষা ও পরিচয়ের কারণে তাঁকে টার্গেট করে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনাকে তিনি স্পষ্টভাবে “ঘৃণাজনিত অপরাধ” বলে আখ্যা দেন। মুখ্যমন্ত্রী লেখেন, “একজন তরুণকে তার ভাষা, পরিচয় ও শিকড়ের জন্য খুঁজে বের করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সমাজে বিদ্বেষের যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তারই পরিণতি এই মর্মান্তিক ঘটনা।”তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সুকেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে আছে। ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও ত্রুটি রাখা হবে না।”






