বিনোদন

রাগেশ্রী কলামন্দিরের বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল হাওড়ায়

Rageshree Kala Mandir's annual event has become Howrah

Truth Of Bengal: সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ আসলে বৃহত্তর মঞ্চে নিজেকে আরও উজ্জ্বলভাবে মেলে ধরার রিহার্সাল। অন্তত স্কুলের বার্ষিক অনুষ্ঠানের মঞ্চ তো বটেই। যে ভুলগুলো এখানে হবে, সেটা পরে যেন আর না হয়। ঠিক এমন করেই প্রথম মঞ্চে উঠতে চলা কচিকাঁচাদের উৎসাহ দিলেন গানের স্কুলের কর্ণধার স্নেহা কুণ্ডু চক্রবর্তী। ২৯-৩০ মার্চের উইকেন্ড সুরে সুরে ভরিয়ে রেখেছিল রাগেশ্রী কলামন্দিরের ১৬তম বার্ষিক অনুষ্ঠান।

মিশন বোধোদয় ইন্টারন্যাশানালের কুসুম মঞ্চে এই দু’দিন ব্যাপী অনুষ্ঠান সাক্ষী রইল ছুঁয়ে গেল সঙ্গীতের সমস্ত ধারাকে। শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা, হিন্দি, সিনেমার গান এমনকি জনপ্রিয় ব্যান্ডের গানে গানেও মঞ্চ মাতালেন রাগেশ্রীর ছাত্রছাত্রীরা। শিক্ষিকা স্নেহার কথায়, প্রায় মাস তিনেক ধরে বিভিন্ন রকম মিউজিশিয়ান এবং কোমল গান্ধার ব্যান্ডের সঙ্গে নিয়মিত রিহার্সাল করে বহু কঠিন গানও অবলীলায় গাইবার দক্ষতা অর্জন করেছে ছেলেমেয়েরা।

আজকের দিনে গান শুধু শোনার নয়, দেখারও। তাই সেই গানে সুর তাল লয় যেমন অপরিহার্য তেমনই জরুরি মাইক্রোফোন হাতে সেই গানকে মিউজিশিয়ানদের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের সামনে দৃষ্টিনন্দন ভঙ্গিতে পরিবেশন করার দক্ষতা। দুঃখের বিষয় সেই টেকনিকের তালিম অধিকাংশ সংগীত প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নেই বললেই চলে। অনুষ্ঠানের মঞ্চে প্রখ্যাত মানুষদের এনে তারকা খচিত করার থেকে নিজের ছেলে মেয়েদের গানে আরও পোক্ত হওয়ার জন্য ব্যবহার করাতে বেশ জোর দিয়েছি।

তারপর কেমন হয়েছে সেটা তো দর্শকরাই বলবেন। হল উপচে পড়া দর্শকদের সঙ্গে আমন্ত্রিতের তালিকাতেও ছিল বহুগুনী শিল্পীদের উপস্থিতি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বাচিক শিল্পী ডঃ দেবব্রত বন্দ্যোপাধ্যায়, মিশন বোধোদয় ইন্টারন্যাশানালের অধ্যক্ষ মলয় রায়, আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা তথা নৃত্য শিল্পী স্বাতি মল্লিক ঘোষ, হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষিকা শম্পা ঘোষ সামন্ত প্রমুখ বহু মানুষের উচ্ছসিত প্রশংসা আর আশীর্বাদ ঝরে পড়ল রাগেশ্রীর ছাত্র ছাত্রীদের উপর। তাদের সঙ্গীত সাধনাকে উৎসাহিত করার জন্য দেওয়া হল চতুর্থ বর্ষের শিখা চক্রবর্তী স্মৃতি পুরস্কার।

রাগেশ্রী কলামন্দিরের প্রধান উৎসাহদাতা তথা কর্ণধার স্নেহা কুণ্ডু চক্রবর্তীর মা শিখা চক্রবর্তীর স্মৃতিতে এই পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের বিভিন্ন বিভাগের সেরা ছাত্রছাত্রীদের। এই সংগীত যজ্ঞে আমন্ত্রিত ছিলেন কিশলয়, স্বপ্নের স্পন্দন, মুক্তধারা, রূপসাঘর, হৃদম ডান্স অ্যাকাডেমি, রাধেশ্রী ডান্স স্কুলের মতো বেশ কিছু প্রতিষ্ঠান এবং সুতপা পাহাড়ি, শ্রেয়া আদকের মতো আরও বেশ কিছু একক শিল্পী। সব মিলিয়ে এই পড়াশোনা, চাকরি, অর্থোপার্জন, সম্মান লাভের ইঁদুর দৌড় থেকে বেশ অনেকটা দূরে গিয়ে মনের খিদে মেটানোর একঝলক টাটকা বাতাসের খোঁজ দিয়ে গেল রাগেশ্রীর বার্ষিক অনুষ্ঠান।

Related Articles