ফ্লোটেলে বসলো বিয়ের আসর, চাঁদের হাট গঙ্গাবক্ষে! রাজকীয় বিয়ে সারলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা
বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই সম্পন্ন হয় তাঁদের বিবাহ
Truth of Bengal: রাজনীতির ব্যস্ততা এবং ক্যামেরার কাজের ফাঁকে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বিজেপি নেতা তথা চলচ্চিত্র পরিচালক শঙ্কুদেব পণ্ডা। রবিবার সন্ধ্যায় গঙ্গাবক্ষে আয়োজিত বিয়ের আসরে সাংবাদিক স্বর্ণালী সরকারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে চলা জল্পনারও অবসান ঘটল এই বিয়ের মাধ্যমে। বিয়ের দিন বাঙালি সাজেই ধরা দেন নবদম্পতি। শঙ্কুদেবের পরনে ছিল টুকটুকে লাল পাঞ্জাবি ও ধুতি। স্বর্ণালী সেজেছিলেন লাল বেনারসি ও সোনার গয়নায়। গঙ্গার বুকে ভাসমান পোলো ফ্লোটেলে বসেছিল বিশেষ এই বিয়ের আসর। উপস্থিত ছিলেন রাজনীতি, সংবাদমাধ্যম এবং বিনোদনজগতের একাধিক পরিচিত মুখ।

বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই সম্পন্ন হয় তাঁদের বিবাহ। তার আগে গায়েহলুদের অনুষ্ঠানেও আনন্দে মেতে উঠেছিলেন শঙ্কুদেব ও স্বর্ণালী। সেই অনুষ্ঠানে শঙ্কুদেব পরেছিলেন হলুদ রঙের পাঞ্জাবি ও ধুতি। স্বর্ণালীর পরনে ছিল হলুদ শাড়ি ও ফুলের গয়না। তাঁদের গায়েহলুদ এবং বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন অনুরাগীরা।সাংবাদিক স্বর্ণালী সরকারের সঙ্গে শঙ্কুদেবের সম্পর্ক নিয়ে কয়েক বছর ধরেই রাজনৈতিক ও সংবাদমাধ্যমের অন্দরে চর্চা চলছিল। তবে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও বিশেষ কথা বলেননি তাঁরা। রবিবারের বিয়ের আসরেই সেই সমস্ত জল্পনার আনুষ্ঠানিক অবসান ঘটল।

রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও যুক্ত শঙ্কুদেব। এর আগে রাজনৈতিক পটভূমিতে ছবি পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে নতুন ছবি তৈরির ঘোষণাও করেছেন। ‘অভয়া শক্তি’ নামের ওই ছবিটি পরিচালনা করবেন শঙ্কুদেব নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রানা সরকার। ছবিতে কলকাতা এবং শহরের বাইরের একাধিক শিল্পীকে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক। তবে অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করা হয়নি। অগস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা।


