অবস্থা গুরুতর হবু শ্বশুরের, মানসিক চাপে হাসপাতালে পলাশ মুচ্ছল
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নিজেকেও হাসপাতালে ভর্তি করতে হয় এই গায়ককে।
Truth Of Bengal: হবু শ্বশুরের অসুস্থতার খবর শুনেই ভেঙে পড়েছিলেন পলাশ মুচ্ছল। টানা চার ঘণ্টা ধরে কান্নায় ভেঙে পড়তে থাকেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শেষ পর্যন্ত নিজেকেও হাসপাতালে ভর্তি করতে হয় এই গায়ককে। পলাশের মা জানিয়েছেন, বর্তমানে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মৃতি মন্ধানার হবু স্বামী।
গত রবিবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাঁকে সাংলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবার গুরুতর অসুস্থতার জেরে স্মৃতি এবং পলাশ—উভয়ের পারিবারিক সিদ্ধান্তে আপাতত স্থগিত করা হয়েছে বিয়ের অনুষ্ঠান। কবে বিয়ের দিন ঠিক হবে, তা অনিশ্চিত।
এদিকে সোমবার পলাশের শারীরিক অবস্থারও অবনতি হয়। প্রথমে শোনা গিয়েছিল ভাইরাল ইনফেকশন ও অ্যাসিডিটির কারণেই তাঁকে হাসপাতালে যেতে হয়েছে। পরে জানা যায়, সাংলি থেকে মুম্বই নিয়ে গিয়ে গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। একাধিক কনসার্ট, ব্যস্ত সময়সূচি এবং বিয়ের আয়োজন—সব মিলিয়ে চাপ সামলাতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি, এমনটাই সূত্রের দাবি।
পলাশের মা অমিতা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, হবু শ্বশুরের অসুস্থতার খবর পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েছিল পলাশ। “স্মৃতির সঙ্গে যতটা সম্পর্ক, তার থেকেও বেশি ঘনিষ্ঠতা ছিল স্মৃতির বাবার সঙ্গে। তাই তাঁর অসুস্থতার খবর শোনার পর স্মৃতিরও আগে পলাশই সিদ্ধান্ত নেয় যে বিয়ে এখনই করা ঠিক হবে না,” বলেন অমিতা।
পলাশের অত্যধিক কান্না ও দুশ্চিন্তার কারণে পরিস্থিতি এমন দিক নেয় যে তাঁকে আইভি ড্রিপ পর্যন্ত দিতে হয়। ইসিজি-সহ অন্যান্য শারীরিক পরীক্ষাও করা হয়, তবে সব রিপোর্টই স্বাভাবিক এসেছে বলে জানান চিকিৎসকরা। মঙ্গলবার দিদি পলক মুচ্ছলও ভাইকে দেখতে হাসপাতালে পৌঁছন।
তবে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পলাশ–স্মৃতির বিয়ে কবে অনুষ্ঠিত হবে—এখনও পরিষ্কার নয়। দুই পরিবারেরই নজর আপাতত শ্রীনিবাস মান্ধানার সুস্থতার দিকে।






