বিনোদন

FA9LA র‍্যাপে মত্ত বিশ্ব, সাফল্যের মাঝেই ‘ধুরন্ধর’ দেখার ইচ্ছা প্রকাশ র‍্যাপারের

এই জনপ্রিয় গানের শিল্পী ফ্লিপারাচ্চি সম্প্রতি ‘ধুরন্ধর’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

Truth Of Bengal: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলছে ছবি ‘ধুরন্ধর’। শুধু ছবিই নয়, সমানতালে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ছবির র‍্যাপ গানও। বাহরিনের জনপ্রিয় র‍্যাপার ফ্লিপারাচ্চির গাওয়া FA9LA গানটি এই মুহূর্তে দর্শক-শ্রোতার মুখে মুখে ফিরছে। একই সঙ্গে দর্শকের নজর কেড়েছে ছবিতে ‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার গ্র্যান্ড এন্ট্রি। সব মিলিয়ে এই গান ও চরিত্র দু’টিই বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করেছে।

এই জনপ্রিয় গানের শিল্পী ফ্লিপারাচ্চি সম্প্রতি ‘ধুরন্ধর’ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি অভিনেতা অক্ষয় খান্নার অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেছেন। উল্লেখযোগ্যভাবে, মুক্তির আগে যেমন বিতর্কে জড়িয়েছিল ‘ধুরন্ধর’, মুক্তির পরেও তেমনই নানা কারণে চর্চায় রয়েছে ছবিটি। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবিটি নিষিদ্ধ হয়েছে এবং পাকিস্তানেও আপত্তির মুখে পড়েছে। এই আবহেই ফ্লিপারাচ্চির আগ্রহ প্রকাশ ছবিটি ঘিরে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

এক সাক্ষাৎকারে ফ্লিপারাচ্চি জানিয়েছেন, ‘ধুরন্ধর’-এ তাঁর গানের ভূমিকা কীভাবে গল্পকে আরও শক্তিশালী করেছে। তাঁর কথায়, ভারতীয় দর্শকের কাছে এই গান এতটা জনপ্রিয় হবে, তা তিনি কল্পনাও করেননি। আরবি র‍্যাপের সঙ্গে তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে এমন একটি গান তৈরি করা মোটেও সহজ কাজ ছিল না বলেও জানান তিনি।

বক্স অফিসের নিরিখে ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘ধুরন্ধর’। এখন পর্যন্ত ছবিটির ব্যবসা দাঁড়িয়েছে প্রায় ৬৭৪ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ১০০০ কোটির গণ্ডিও পেরিয়েছে। ছবিতে রণবীরের অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, ‘পদ্মাবত’-এ খিলজি চরিত্রের পর এই ছবিতেই আবার রণবীরের অভিনয় দক্ষতার অনবদ্য নিদর্শন মিলেছে।

অন্যদিকে, রহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্না সমান্তরালে গল্পকে টেনে নিয়ে গিয়েছেন সমান দক্ষতায়। স্বল্প পরিসরে আইএসআই মেজর ইকবালের ভূমিকায় অর্জুন রামপালের অভিনয়ও দর্শকদের রোমহর্ষক অভিজ্ঞতা দিয়েছে। সব মিলিয়ে ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসের পাশাপাশি আলোচনার শীর্ষে।