বিনোদন

দ্বিতীয় শনিবার ৫০ কোটি রোজগার, ‘ধুরন্ধর’ দাপট দেখাল বক্সঅফিসে

এমনকি মধ্যরাতে ১২.৪৫-এর শোও রাখা হয়েছে। শুধু মুম্বই নয়, পুণেতে ও ‘ধুরন্ধর’-এর একাধিক শো প্রদর্শিত হচ্ছে।

Truth Of Bengal: প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। মুক্তির মাত্র আটদিনের মাথায় ছবির বক্সঅফিস কালেকশন ছুঁয়েছে ২৯২.৭৫ কোটি টাকা। শুধু তাই নয়, ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহের শনিবার একদিনে ৫০ কোটি টাকা আয় করেছে।

সিনে বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, মুম্বইয়ের প্রতিটি সিনেমাহলে সকাল, সন্ধ্যা এবং রাতে নতুন শো যুক্ত করা হয়েছে ছবির চাহিদা মেটাতে। এমনকি মধ্যরাতে ১২.৪৫-এর শোও রাখা হয়েছে। শুধু মুম্বই নয়, পুণেতে ও ‘ধুরন্ধর’-এর একাধিক শো প্রদর্শিত হচ্ছে। মুক্তির দিনেই ছবিটি ২৪.৫ কোটি রোজগার করেছিল। এরপর ধারাবাহিকভাবে রোজগার বেড়ে গিয়ে দ্বিতীয় শনিবার তা প্রায় ৫০ কোটি টাকা হয়েছে।

ছবিতে রণবীরের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। শেষবার ‘পদ্মাবত’-এ খিলজির চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল, এবারও তার অনবদ্য দক্ষতার স্বাক্ষর পাওয়া যাচ্ছে। এছাড়া রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খানের অভিনয় সমান্তরালভাবে গল্পকে শক্তিশালী করেছে। আইএসআই মেজর ইকবালের ভূমিকায় অর্জুন রামপালের পারফরম্যান্স ‘রোমহর্ষক’ হিসেবে উল্লেখযোগ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ছায়া কে আর মাধবনের চরিত্রে ফুটে উঠেছে। ছবিতে সঞ্জয় দত্তও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এই বিশাল অভিনেতা সমাবেশের পাশাপাশি ট্রেলার ও টিজারের উষ্ণ প্রতিক্রিয়া ছবির ‘ওপেনিং’-কে আরও শক্তিশালী করেছে। মুক্তির পর দর্শকদের উচ্ছ্বাস এবং বক্সঅফিসে ধারাবাহিক রোজগার ছবিটির সাফল্যকে নিশ্চিত করেছে।