‘ধুরন্ধর ২’ এর ট্রেলার মুক্তি না পাওয়ার কারণ চন্দ্রগ্রহণ? কী জানালেন নির্মাতারা
মঙ্গলবার সারাদিন পেরিয়ে গেলেও ট্রেলার মুক্তি না পাওয়ায় অনুরাগীদের মধ্যে হতাশা ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
Truth of Bengal: বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ধুরন্ধর: দ্য রিভেঞ্জ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। টিজার মুক্তি পাওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ট্রেলারের জন্য। বিশেষ করে টিজারে নতুন কিছু বিশেষ না থাকায় ট্রেলার নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। শোনা গিয়েছিল যে দোলের দিনেই ছবিটির নতুন ঝলক সামনে আসবে। কিন্তু মঙ্গলবার সারাদিন পেরিয়ে গেলেও ট্রেলার মুক্তি না পাওয়ায় অনুরাগীদের মধ্যে হতাশা ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
ট্রেলার মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে জ্যোতিষ শাস্ত্র ও চন্দ্রগ্রহণের তত্ত্ব। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ ছিল। জ্যোতিষ মতে ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টি অশুভ হওয়ার কারণেই নির্মাতারা ট্রেলার মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। সাধারণত দুপুরের দিকেই বড় ছবির ট্রেলার লঞ্চ করা হয়, কিন্তু গ্রহণের কারণে সৃষ্ট অশুভ সময়ের কথা মাথায় রেখেই নাকি এই পরিকল্পনা বদলানো হয়েছে। অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, আগামী ৫ বা ৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার অথবা শুক্রবার নাগাদ ট্রেলারটি মুক্তি পেতে পারে।
এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে টিজার মুক্তি পাওয়ার পর রণবীর সিংয়ের হামজা আলি চরিত্রের সংলাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ছবিটির নির্মাণ পর্ব শুরু থেকেই নানা আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। মুম্বইয়ের একটি সংরক্ষিত এলাকায় অবৈধভাবে ড্রোন ব্যবহার করে শুটিং করার অভিযোগে পরিচালক আদিত্য ধরের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করেছে মুম্বই পুলিশ। শুধুমাত্র পুলিশি পদক্ষেপই নয়, বৃহন্মুম্বই পুরসভাও এই শুটিং নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে।
পুরসভা সূত্রে খবর, শুটিং চলাকালীন বারবার নিয়ম লঙ্ঘন করার অভিযোগে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একদিকে যেমন ছবির ট্রেলার মুক্তি নিয়ে দর্শকরা অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে আইনি বিপাকে পড়ে নাজেহাল অবস্থা নির্মাতাদের। এখন দেখার বিষয়, সমস্ত বাধা কাটিয়ে রণবীর সিংয়ের এই নতুন ধামাকা কবে প্রকাশ্যে আসে।






