বিনোদন

ছুটি কাটিয়ে কাজে ফিরলেন পরম, ফের জুটিতে অঞ্জন-অপর্ণা

Parambrata Chatterjee

The Truth of Bengal: বিয়ের পর একমুহূর্ত সময় নষ্ট না করে ফের ক্যামেরার পিছনে বসতে চলেছেন টলিউডের অভিনেতাকাম পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের গানকে হাতিয়ার করে ছবির নাম এই রাত তোমার আমার। বিখ্যাত বাংলা ছবি দ্বীপ জেলে যাই ছবির এই গানটি এখনও ভীষণভাবে জনপ্রিয়। হেমন্তের সেই কালজয়ী গানই হল পরমের নতুন ছবির অন্যতম চমক।

চমকের এখানেই শেষ নয়, এই ছবির হাত ধরে ফের জুটিতে আসছেন অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। ছবির টাইটেল প্রকাশ অনুষ্ঠানে পরমের পাশে ছিলেন এই জুটি। ইতিমধ্যেই চালচিত্র এখন ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে নজর কেড়েছেন অঞ্জন দত্ত। বিচারকদের বিচারে দেশের সেরা ছবির তকমাও জুটেছে চালচিত্র এখন-এর কপালে। অন্যদিকে ছবির জগত থেকে কিছুটা সরে গেছেন অভিনেত্রী অর্পণা সেন। এবার এই দুই দাপুটে শিল্পীর অভিনয়ের মেলবন্ধন হতে চলেছে এই রাত তোমার আমার ছবিতে। এর আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরস্কার জয়ী এক যে ছিল রাজা ছবিতে শেষবারের জন্য পর্দায় দেখা গিয়েছিল অঞ্জন ও অপর্ণাকে। সেখানে কোর্টরুমে একে অপরের বিরুদ্ধে সওয়াল জবাব করেছিলেন।

অঞ্জন দত্ত ও অপর্ণা সেনের পাশাপাশি এই ছবিতে পরমব্রতরও অভিনয় করার কথা রয়েছে বলে শোনা গিয়েছে। বাংলা সিনেমার নস্ট্যালজিক একটি অধ্যায়কে ছবিতে তুলে আনা হবে।এমনকি এও শোনা যাচ্ছে যে হেমন্ত মুখোপাধ্যায়ের আদলে গড়ে তোলা হচ্ছে পরমের চরিত্রটি। তবে কী ছবিটা হতে চলেছে হেমন্তের বায়োপিক? যদিও প্রযোজকদের মতে সেরকম কিছু নয়। একটি রাতের ঘটনা নিয়ে এগিযেছে ছবির চিত্রনাট্য, তাই ছবির টাইটেলে এইরকম নামকরণ করা হয়েছে।

Related Articles