বড়দিনে বক্স-অফিসের লড়াইয়ের আগে মাল্টিপ্লেক্স চেনে লড়াই ডাঙ্কি-সালারের!

বড়দিনের আগেই বক্স অফিসে দুই মহারথীর দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। একদিন বাদে অর্থাৎ ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান – সিজ়ফায়ার’।
‘ডাঙ্কি’ শাহরুখের এই বছরের তিন নম্বর ছবি। শাহরুখ অনুরাগীরা রয়েছেন অভিনেতার হ্যাটট্রিকের অপেক্ষায়। অন্যদিকে পাঁচটা বক্স অফিস ফ্লপের পর এই ছবির মাধ্যমেই ঘুরে দাঁড়াতে মরিয়া প্রভাস।
তবে ছবি মুক্তির আগে যেন দু’কদম পিছিয়ে গেল টিম ‘সালার’। দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ‘সালার’ নাকি মুক্তি পাচ্ছে না দক্ষিণের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলিতে।
শোনা যাচ্ছে, ছবির পরিবেশনার ক্ষেত্রে ‘ডাঙ্কি’-কে নিয়ে পক্ষপাত করছেন বড় বড় হলগুলো। ‘ডাঙ্কি’ নাকি গোটা ভারত জুড়ে প্রভাব খাটাচ্ছে। হলগুলিতে সব কটি শোতেই চলবে ‘ডাঙ্কি’। সমতা বিঘ্নিত, পাশপাশি বাণিজ্যিক ক্ষতির দিকটা মাথায় রয়েছে টিম ‘সালার’-এর।
সূত্রের খবর, প্রথমে নাকি মাল্টিপ্লেক্সগুলিই শুধু ‘ডাঙ্কি’ তরফদারি করছিল। কিন্তু শোনা যাচ্ছে, এখন নাকি সিঙ্গল স্ক্রিনগুলিকেও জোর দেওয়া হচ্ছে শুধুই ‘ডাঙ্কি’-এর শো রাখার। তাতেই বেজায় ক্ষুব্ধ হয়েছে টিম ‘সালার’। তাই খানিকটা নাকি গোঁসা করেই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণের বড় বড় মাল্টিপ্লেক্স চেন যেমন আইনক্স, পিভিআর, মিরাজে মুক্তি পাবে না এই ছবি। শেষ পর্যন্ত দেখার বক্স অফিসে হ্র্যাটিক করেন শাহরুখ না কি ব্যর্থতার খরা কাটিয়ে কামব্যাক করবেন প্রভাস!






