কুনার নদী প্রকল্প ও দক্ষিণ এশিয়ার জলভিত্তিক ভূ-রাজনীতি
ড. রাম কৃষ্ণ সেন: ভূমিকা— দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে জলের নীরব উত্থান
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ইতিহাস মূলত সীমান্ত বিরোধ, সামরিক সংঘাত, ঔপনিবেশিক উত্তরাধিকার এবং জাতিগত-ধর্মীয় বিভাজনের ধারায় বিশ্লেষিত হয়ে এসেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ, কাশ্মীর প্রশ্ন কিংবা সীমান্ত সন্ত্রাস-এই বিষয়গুলোই এতদিন অঞ্চলটির ভূ-রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু একবিংশ শতাব্দীতে এই চেনা কাঠামোর ভেতরে একটি নতুন ও তুলনামূলকভাবে নীরব সঙ্কট ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তা হল, জলকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিযোগিতা। জল আজ আর কেবল প্রাকৃতিক সম্পদ নয়; এটি খাদ্য উৎপাদন, শক্তি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সর্বোপরি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ এশিয়ার মতো ঘনবসতিপূর্ণ, কৃষিনির্ভর এবং জলবায়ু পরিবর্তনে অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে জল নিয়ন্ত্রণ ভবিষ্যতের ভূ-রাজনীতির অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠছে। এই বাস্তবতায় আফগানিস্তানের তালিবান সরকারের কুনার নদী থেকে জল সরিয়ে নানগারহার অঞ্চলের দিকে প্রবাহিত করার পরিকল্পনা শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি দক্ষিণ এশিয়ার জলভিত্তিক ভূ-রাজনীতিতে এক নতুন অস্থিরতার সূচক। এই প্রকল্প পাকিস্তানের জন্য একটি সম্ভাব্য জলসঙ্কটের বার্তা বহন করছে এবং একই সঙ্গে দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার সংঘাত কেবল অস্ত্র বা সীমান্ত ঘিরে নয়, বরং জল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেও গড়ে উঠতে পারে।
ভূ-রাজনীতিতে জল; তাত্ত্বিক ভিত্তি ও আধুনিক প্রেক্ষাপট
ভূ-রাজনীতির প্রথাগত তত্ত্বগুলো— যেমন ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব বা স্পাইকম্যানের রিমল্যান্ড ধারণা-ভৌগোলিক অবস্থান ও সামরিক শক্তির ওপর গুরুত্ব আরোপ করেছিল। তবে আধুনিক ভূ-রাজনীতিতে প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে জল, একটি স্বতন্ত্র শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতিসংঘ, বিশ্বব্যাঙ্ক ও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা বহু আগেই সতর্ক করেছে যে একবিংশ শতাব্দীর বড় সংঘাতগুলোর একটি প্রধান উৎস হবে জল। আন্তঃসীমান্ত নদীগুলো এই জলভিত্তিক ভূ-রাজনীতির মূল ক্ষেত্র। একটি নদী যখন একাধিক রাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেটি কেবল ভৌগোলিক নয়, রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতায় পরিণত হয়। উজানের রাষ্ট্রের সিদ্ধান্ত নিম্নপ্রবাহের রাষ্ট্রের অর্থনীতি, সমাজ ও নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কুনার নদীর ক্ষেত্রেও ঠিক এই বাস্তবতা প্রতিফলিত হচ্ছে।
কুনার নদীর ভৌগোলিক উৎপত্তি ও আন্তঃসীমান্ত প্রবাহ
কুনার নদীর উৎপত্তি হিন্দুকুশ পর্বতমালার উচ্চভূমিতে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার দুর্গম এলাকায়। বরফগলা জল ও মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল এই নদী প্রথমে পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়, এরপর আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশে প্রবেশ করে। পরবর্তীতে এটি কাবুল নদীর সঙ্গে মিলিত হয়ে আবার পাকিস্তানে ফিরে আসে এবং শেষ পর্যন্ত সিন্ধু নদে যুক্ত হয়। এই জটিল প্রবাহ কুনার নদীকে দক্ষিণ এশিয়ার অন্যতম সংবেদনশীল আন্তঃসীমান্ত নদীতে পরিণত করেছে। ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের নদী সবসময়ই দ্বন্দ্বপ্রবণ, কারণ এখানে কোনও একটি রাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত সরাসরি অন্য রাষ্ট্রের ওপর প্রভাব ফেলে।
সিন্ধু অববাহিকা ও কুনার নদীর কৌশলগত সংযোগ
কুনার নদীর গুরুত্ব বোঝার জন্য একে সিন্ধু অববাহিকার বৃহত্তর কাঠামোর মধ্যে স্থাপন করা প্রয়োজন। সিন্ধু অববাহিকা পাকিস্তানের কৃষি, শিল্প ও জনজীবনের মূল ভিত্তি। এই অববাহিকার ওপর নির্ভর করে দেশের খাদ্য উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। কুনার নদী কাবুল নদীর অন্যতম প্রধান উপনদী হওয়ায় এর জলপ্রবাহে পরিবর্তন পুরো সিন্ধু ব্যবস্থার ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই কারণে পাকিস্তানের কাছে কুনার নদী প্রকল্প কেবল একটি আঞ্চলিক ইস্যু নয়; এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত একটি প্রশ্ন।
পাকিস্তানের জন্য কুনার নদীর অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য
থাইবার পাখতুনখোয়া অঞ্চল ভৌগোলিকভাবে দুর্গম এবং অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অনুন্নত। এখানকার কৃষি ব্যবস্থা প্রধানত নদী ও প্রাকৃতিক জলপ্রবাহের ওপর নির্ভরশীল। কুনার নদীর জল এই অঞ্চলের কৃষিজীবী জনগোষ্ঠীর জীবিকার অন্যতম প্রধান ভিত্তি। নদীর স্বাভাবিক প্রবাহে বড় ধরনের পরিবর্তন হলে কৃষি উৎপাদন হ্রাস পাবে, খাদ্য নিরাপত্তা দুর্বল হবে এবং গ্রামীণ দারিদ্র আরও গভীর হবে। এছাড়াও এই অঙ্গলে একাধিক ছোট ও মাঝারি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে, যা স্থানীয় শক্তি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই শক্তি সংকটে ভুগছে; ফলে এই প্রকল্পগুলোর উৎপাদন ব্যাহত হলে জাতীয় গ্রিডের ওপর চাপ আরও বাড়বে।
তালিবান সরকারের জলনীতি ও রাষ্ট্রগঠনের কৌশল
২০২১ সালে ক্ষমতায় ফিরে আসার পর তালিবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি, বৈদেশিক সহায়তা ও অর্থনৈতিক সম্পদের ঘাটতির মুখোমুখি হয়। এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন তাদের জন্য রাজনৈতিক বৈধতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। জলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা তালিবান সরকারের কাছে রাষ্ট্রগঠনের একটি কার্যকর কৌশল। কুনার নদীর জল নানগারহার অঞ্চলের দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা এই বৃহত্তর রাষ্ট্রীয় কৌশলের অংশ। এটি তালিবান সরকারের কাছে তাদের প্রশাসনিক সক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ। কিন্তু এই অভ্যন্তরীণ লাভের বিনিময়ে তারা প্রতিবেশী রাষ্ট্রের ওপর যে চাপ সৃষ্টি করছে, তা ভূ-রাজনৈতিক সংঘাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।
নানগারহার অঞ্চল ও অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব
নানগারহার আফগানিস্তানের একটি জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ। দীর্ঘ যুদ্ধ ও অবহেলার কারণে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তালিবান সরকার জানে যে এই অঞ্চলে উন্নয়ন ঘটাতে পারলে তারা জনসমর্থন সুসংহত করতে পারবে। কুনার নদীর জল ব্যবহার করে সেচ সম্প্রসারণ সেই লক্ষ্য পূরণের একটি বাস্তবসম্মত উপায়। কিন্তু ভূ-রাজনৈতিক দৃষ্টিতে এই অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনা আঞ্চলিক অস্থিরতার নতুন উৎস হয়ে উঠতে পারে, যদি তা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে।
উজান বনাম নিম্নপ্রবাহ; শক্তির অসম ভূ-রাজনীতি
আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে উজানের রাষ্ট্র স্বাভাবিকভাবেই একটি কৌশলগত সুবিধা ভোগ করে। কুনার নদীর ক্ষেত্রে আফগানিস্তান সেই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই অবস্থান জলকে একটি চাপ সৃষ্টির উপকরণে পরিণত করতে পারে। পাকিস্তান নিম্নপ্রবাহের রাষ্ট্র হওয়ায় তার প্রতিক্রিয়ার সুযোগ সীমিত, যা শক্তির ভারসাম্যকে আফগানিস্তানের দিকে ঝুঁকিয়ে দেয়। এই অসম শক্তি সম্পর্ক দক্ষিণ এশিয়ার জলরাজনীতিকে আরও জটিল করে তুলছে এবং ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনা বাড়াচ্ছে।
ভারতের সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানের দ্বিমুখী চাপ
পাকিস্তানের জলসংক্রান্ত উদ্বেগ আরও গভীর হয় ভারতের সঙ্গে সিন্ধু জল চুক্তির প্রেক্ষাপটে। যদিও এই চুক্তি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ভারতের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প ও নীতিগত অবস্থান পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই আশঙ্কা সৃষ্টি করেছে। একদিকে ভারতের চাপ, অন্যদিকে আফগানিস্তানের সম্ভাব্য জল প্রত্যাহার-এই দ্বিমুখী বাস্তবতা পাকিস্তানকে একটি জটিল ভূ-রাজনৈতিক সঙ্কটের মুখে দাঁড় করিয়েছে।
জলবণ্টন চুক্তির অনুপস্থিতি ও কূটনৈতিক দুর্বলতা
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কোনও আনুষ্ঠানিক জলবণ্টন চুক্তি নেই। এই কূটনৈতিক শূন্যতা তালিবান সরকারকে একতরফা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে। আন্তর্জাতিক জলআইনের নীতিগুলো থাকলেও বাস্তবে সেগুলোর প্রয়োগ রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল। বর্তমান বাস্তবতায় সেই সদিচ্ছার অভাব স্পষ্ট।
নিরাপত্তা ঝুঁকি, সামাজিক অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা
জলসঙ্কট বহু ক্ষেত্রে সামাজিক অস্থিরতা, অভ্যন্তরীণ স্থানান্তর ও সংঘাতের জন্ম দিয়েছে। কুনার নদীর প্রবাহ হ্রাস খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জীবিকা সঙ্কট বাড়াতে পারে, যা উগ্রপন্থা ও সহিংসতার জন্য উর্বর ক্ষেত্র তৈরি করবে। এই অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি হলে তা শুধু পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে প্রভাবিত করবে।
দক্ষিণ এশিয়ার জলরাজনীতির ভবিষ্যৎ ও কুনার নদীর প্রতীকী অর্থ
কুনার নদী আজ দক্ষিণ এশিয়ার জলরাজনীতির একটি প্রতীক হয়ে উঠেছে। এটি দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতে রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতার লড়াই কেবল ভূখণ্ড বা সামরিক শক্তিকে কেন্দ্র করে নয়, বরং জল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেও গড়ে উঠবে।
সহযোগিতা না সংঘাত-দক্ষিণ এশিয়ার সামনে দাঁড়িয়ে থাকা সিদ্ধান্ত
কুনার নদী প্রকল্প একদিকে আফগানিস্তানের উন্নয়ন আকাঙ্ক্ষার প্রতীক, অন্যদিকে পাকিস্তানের অস্তিত্বগত উদ্বেগের উৎস। এই প্রকল্প প্রমাণ করে যে জল এখন আর নীরব প্রাকৃতিক সম্পদ নয়; এটি একটি সক্রিয় ভূ-রাজনৈতিক শক্তি। দক্ষিণ এশিয়া আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে-সহযোগিতা ও যৌথ ব্যবস্থাপনার পথে এগোবে, না কি একতরফা সিদ্ধান্ত ও অবিশ্বাসের মাধ্যমে নতুন সংঘাতের দিকে যাবে। কুনার নদী সেই সিদ্ধান্তের নীরব সাক্ষী হয়ে রয়েছে।
জল ও ক্ষমতার রাজনীতি; ‘হাইড্রো-হেজেমনি’ তত্ত্বের আলোকে কুনার নদী প্রকল্প
আধুনিক ভূ-রাজনীতিতে জলকে বিশ্লেষণ করার জন্য ‘হাইড্রো-হেজেমনি’ তত্ত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব অনুযায়ী, কোনও একটি রাষ্ট্র যখন ভৌগোলিক অবস্থান, প্রযুক্তিগত সক্ষমতা বা রাজনৈতিক শক্তির মাধ্যমে জলসম্পদের উপর প্রাধান্য স্থাপন করে, তখন সে রাষ্ট্র প্রতিবেশী দেশগুলোর ওপর পরোক্ষ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। কুনার নদীর ক্ষেত্রে আফগানিস্তান এই হাইড্রো-হেজেমনির পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। উজানের রাষ্ট্র হিসেবে তারা ভৌগোলিক সুবিধা ভোগ করছে এবং সেই সুবিধাকে রাজনৈতিক কৌশলে রূপান্তর করার চেষ্টা করছে। এই বাস্তবতায় কুনার নদী শুধু একটি প্রাকৃতিক প্রবাহ নয়, বরং ক্ষমতার প্রতীক হয়ে উঠছে। আফগানিস্তান যদি বড় আকারে জল প্রত্যাহার করে এবং পাকিস্তানের নিম্নপ্রবাহ অঞ্চলে তার প্রভাব সুস্পষ্ট হয়ে ওঠে, তবে এটি একটি নজির স্থাপন থাকলে দক্ষিণ এশিয়ায় জলভিত্তিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক সহযোগিতার সুযোগ সংকুচিত হবে।
আঞ্চলিক সহযোগিতার ব্যর্থতা ও তার ভূ-রাজনৈতিক মূল্য
দক্ষিণ এশিয়ায় জল ব্যবস্থাপনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত সীমিত। সার্কের মতো আঞ্চলিক সংগঠনগুলো কার্যত নিষ্ক্রিয়, এবং দ্বিপাক্ষিক সম্পর্কগুলো পারস্পরিক অবিশ্বাসে জর্জরিত। এই প্রেক্ষাপটে কুলার নদী প্রকল্প আঞ্চলিক সহযোগিতার ব্যর্থতাকেই স্পষ্ট করে তুলছে। যদি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো যৌথ জল ব্যবস্থাপনার পথে এগোতে না পারে, তবে প্রতিটি আন্তঃসীমান্ত নদী ভবিষ্যতে সংঘাতের সম্ভাব্য কেন্দ্র হয়ে উঠবে। কুনার নদী সেই ব্যর্থতার একটি প্রতীক হয়ে দাঁড়াচ্ছে।
কুনার নদী ও ভবিষ্যৎ দক্ষিণ এশিয়া; দুটি ভিন্ন দৃশ্যপট
ভূ-রাজনৈতিক বিশ্লেষণে ভবিষ্যৎ দৃশ্যপট নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। কুনার নদীকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার সামনে মূলত দুটি ভিন্ন দৃশ্যপট স্পষ্ট হয়ে উঠছে। প্রথমটি হল সংঘাতের দৃশ্যপট, যেখানে একতরফা জল প্রত্যাহার, কূটনৈতিক অবিশ্বাস ও নিরাপত্তা উত্তেজনা ক্রমশ বাড়তে থাকবে। দ্বিতীয়টি হল সহযোগিতার দৃশ্যপট, যেখানে যৌথ জল ব্যবস্থাপনা, তথ্য বিনিময় ও আঞ্চলিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হতে পারে। কোন দৃশ্যপট বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও দূরদর্শিতার ওপর। কুনার নদী এই সিদ্ধান্তের কেন্দ্রে অবস্থান করছে।
কুনার নদী একটি সতর্কবার্তা
কুনার নদী প্রকল্প আফগানিস্তানের উন্নয়ন প্রয়াসের বাইরে গিয়ে দক্ষিণ এশিয়ার জন্য একটি গভীর সতর্কবার্তা বহন করছে। এটি দেখিয়ে দিচ্ছে যে জল ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক ইস্যুগুলোর একটি হতে চলেছে। একতরফা সিদ্ধান্ত ও ক্ষমতার রাজনীতি যদি প্রাধান্য পায়, তবে দক্ষিণ এশিয়া দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে এগোবে। কিন্তু যদি জলকে সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি হিসেবে দেখা যায়, তবে কুনার নদী হয়ে উঠতে পারে সংঘাত নয়, বরং সমঝোতার প্রতীক। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ঠিক কোন পথে যাবে, সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই নদীর প্রবাহেই।


