সত্যজিৎ রায়ের ‘মগজ ধোলাই যন্ত্র’ কি আজও কাজ করছে? মুক্তির পথ কী?
মানুষের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের অধিকার যে কোনও গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি।
Truth of Bengal: বর্তমান বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষ আজ তথ্যের প্রবল স্রোতে ভেসে চলেছে। রাজনীতি, ধর্ম, শিক্ষাপ্রতিষ্ঠান, আইন আদালত, সরকার, হাসপাতাল, বিভিন্ন মিডিয়া এবং পণ্যের বিজ্ঞাপন— এই সকল প্রতিষ্ঠান ও মাধ্যমগুলি ২৪ ঘণ্টা আমাদের চারপাশে এমনভাবে তথ্য পরিবেশন করে, যার অনেকটাই উদ্দেশ্যমূলক। কখনও প্রকাশ্যে, কখনও অজান্তে আমাদের চিন্তা-চেতনা, অভ্যাস, রুচি, বিশ্বাস ও জীবনদর্শন নিয়ন্ত্রণ করে চলছে। একেই বলা যায় ‘মগজ ধোলাই’ বা ব্রেনওয়াশ। এ থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? কীভাবে এ অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব? এই বিষয়গুলো নিয়েই এই প্রবন্ধ।
মানুষের স্বাধীন চিন্তা ও মত প্রকাশের অধিকার যে কোনও গণতান্ত্রিক সমাজের মূলভিত্তি। কিন্তু ইতিহাসের পাতায়, এমনকী আজও দেখা যায় শাসকেরা জনগণের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করে। এই প্রক্রিয়াটিই বলা হয় ‘মগজ ধোলাই’। অর্থাৎ, এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের স্বাধীন চিন্তাভাবনাকে স্তব্ধ করে দিয়ে শাসকের ইচ্ছামতো তাকে পরিচালিত করা হয়।
আরও পড়ুনঃ বৃষ্টির ছুটি, আসছে শীত! রাজ্যজুড়ে তাপমাত্রা পতন, জেনে নিন আজকের আবহাওয়া
মগজ ধোলাই কী?
মগজ ধোলাই বলতে বোঝায় এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের ব্যক্তিগত চিন্তা, মতামত এবং বিচারবোধকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করা হয়। একটানা নির্দিষ্ট বার্তা, প্রচার ও দৃষ্টিভঙ্গির সংস্পর্শে রেখে ধীরে ধীরে একজন ব্যক্তিকে একপ্রকার ‘চিন্তার বন্দি’ বানিয়ে ফেলা হয়। এ ক্ষেত্রে ধর্মীয় মৌলবাদ থেকে শুরু করে রাজনৈতিক প্রচার, বাণিজ্যিক বিজ্ঞাপন থেকে সামাজিক মাধ্যম— সবকিছুই ভূমিকা রাখছে।
মগজ ধোলাইয়ের আধুনিক মাধ্যম
আজকের যুগে মগজ ধোলাইয়ের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে নির্বিচারে আমাদের উপর প্রবলভাবে চাপানো হচ্ছে নানা ধরনের মত ও দৃষ্টিভঙ্গি।
রাজনীতি নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইতিহাস বিকৃতি থেকে শুরু করে বিভাজনমূলক বক্তব্য ছড়িয়ে দেয়। ধর্মের নামেও অনেকে গোষ্ঠীগত আধিপত্য কায়েমের জন্য মানুষকে বিভ্রান্ত করে। শিক্ষা প্রতিষ্ঠানও অনেক সময় পক্ষপাতদুষ্ট সিলেবাসের মাধ্যমে ইতিহাস বা সমাজের একপেশে ছবি তুলে ধরে। আইন ও প্রশাসনও বহুক্ষেত্রে ক্ষমতাবানদের পক্ষে পক্ষপাত দেখায়। বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা, ব্যবসায়িক স্বার্থে বিজ্ঞাপন দেখে ভোক্তাকে প্রলোভিত করে। বাণিজ্যিক বিজ্ঞাপনও আমাদের চাহিদাকে কৃত্রিমভাবে তৈরি করে। মগজ ধোলাইয়ের পরিণতি
এই প্রচারণার ফলে মানুষের মধ্যে যুক্তিবোধ লোপ পায়। অন্ধ বিশ্বাস, উগ্রতা, গুজবে প্রভাবিত হওয়া, এবং মতবিরোধের প্রতি অসহিষ্ণুতা বাড়ে। সমাজে বিভাজন, হিংসা, অস্থিতিশীলতা তৈরি হয়। মানুষ নিজস্ব স্বতন্ত্র চিন্তাশক্তি হারিয়ে একপ্রকার যান্ত্রিক ভোক্তায় পরিণত হয়।
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিত রায় তাঁর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ছবি হীরক রাজার দেশে-তে অত্যন্ত কৌশলী ও সূক্ষ্মভাবে এই ‘মগজ ধোলাই’-এর প্রক্রিয়া ও ফলাফলকে ফুটিয়ে তুলেছেন। ছবির হীরক রাজা হলেন এক নিষ্ঠুর একনায়ক, যিনি তাঁর রাজ্যের প্রজাদের সত্য কথা বলতে, ভাবতে বা জানতেও দেন না। রাজ্যের মানুষ যেন প্রশ্ন না তোলে, প্রতিবাদ না করে— সেই উদ্দেশ্যেই হীরক রাজা এক বিশেষ ‘মগজ ধোলাই যন্ত্র’ আবিষ্কার করিয়েছেন।
এই যন্ত্রের মাধ্যমে রাজ্যের যে কোনও সত্যবাদী বা প্রতিবাদী নাগরিককে ধরে এনে তাদের মস্তিষ্কে শাসকের পক্ষে কথা ভরে দেওয়া হয়। এতে তারা ভুলে যায় সত্য, ভুলে যায় নিজেদের দুরবস্থা। পরিবর্তে তারা শুধু শিখে নেয়— রাজা মহান, রাজা সর্বশক্তিমান। এই প্রক্রিয়া একদিকে যেমন মানুষের স্বাধীনতা কেড়ে নেয়, অন্যদিকে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ছবিতে দেখা যায়, রাজ্যের স্কুলে ‘অশিক্ষা নীতির’ মাধ্যমে শিশুদের মগজ ধোলাই করা হয়। শেখা-জানার কোনও শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এই লাইনগুলো আজও সমাজের জন্য এক ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক।
প্রথমে ধীরে ধীরে মানুষকে অশিক্ষার মাধ্যমে প্রশ্নহীন করা, তারপর ভয় দেখিয়ে দমন করা এবং শেষে মগজ ধোলাই যন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ দাসত্বে পরিণত করা— এই ছিল হীরক রাজার শাসননীতির মূল কৌশল। সত্যজিৎ রায় অত্যন্ত মেধা ও কৌতুকের সঙ্গে এই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, স্বৈরাচারী শাসকেরা কীভাবে ‘মগজ ধোলাই’-কে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের স্বাধীনতা হরণ করে।
আজকের দিনেও এই ছবি আমাদের শেখায়, মগজ ধোলাই-এর বিরুদ্ধে সচেতন থাকা কতটা জরুরি। তথ্য, শিক্ষা, যুক্তি ও স্বাধীন চিন্তা— এগুলিই একমাত্র পথ, যা এই অন্যায় প্রক্রিয়াকে প্রতিরোধ করতে পারে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মুক্তির উপায়
১. সচেতনতা বৃদ্ধি– ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে যুক্তিভিত্তিক আলোচনা ও চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুকাল থেকেই প্রশ্ন করার স্বাধীনতা দিতে হবে।
২. বিভিন্ন উৎস থেকে তথ্য নেওয়া– একক মাধ্যমের উপর নির্ভর না করে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির উৎস থেকে খবর ও তথ্য সংগ্রহ করতে হবে। এতে করে একটি বিষয়ে বিভিন্ন দিক জানা সম্ভব হবে।
৩. মিডিয়া ডায়েট তৈরি করা– দৈনন্দিন মিডিয়ার ব্যবহারে সচেতন থাকা। সব খবর, সব বিজ্ঞাপন দেখা ও বিশ্বাস করা থেকে বিরত থাকা এবং কী দেখব, কী দেখব না— তা নিজেই নির্ধারণ করতে হবে।
৪. বিজ্ঞাপনের প্রলোভন থেকে দূরে থাকা– প্রয়োজনের অতিরিক্ত ভোগবাদী সংস্কৃতি থেকে বের হয়ে ন্যূনতম প্রয়োজন মেটানোর দিকে ঝোঁক বাড়ানো।
৫. স্বশিক্ষা ও গবেষণা– নিরপেক্ষভাবে ইতিহাস, সমাজ, ধর্ম, রাজনীতি ও বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করা। নিজস্ব যুক্তি ও বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নেওয়া।
৬. সমাজ সচেতন সংগঠন গড়ে তোলা– যে সংগঠন তথ্য বিশ্লেষণ করে, ভুয়ো খবর চিহ্নিত করে, এবং জনগণের মাঝে যুক্তিবোধ প্রচারে কাজ করবে।
উপসংহার
সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শুধুমাত্র একটি শিশুতোষ ছবি নয়; এটি এক গভীর রাজনৈতিক ও সামাজিক উপদেশ। ছবিটি আমাদের শেখায়— যে সমাজে প্রশ্ন করা যাবে না, সত্য বলা যাবে না, যেখানে চিন্তাধারা দমন করা হবে, সেখানে মগজ ধোলাইই হবে শাসনের প্রধান অস্ত্র। আর এই অস্ত্রের হাত থেকে সমাজকে রক্ষা করতে দরকার মুক্তচিন্তা, শিক্ষা এবং সাহস।
তথ্য প্রযুক্তির এই যুগে সম্পূর্ণভাবে মগজ ধোলাই থেকে মুক্ত হওয়া সম্ভব নয়, তবে ব্যক্তিগত সচেতনতা ও সমষ্টিগত প্রচেষ্টার মাধ্যমে এর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব। নিজের বিবেক, যুক্তি ও মানবিকতাকে জাগিয়ে রেখে সমাজের প্রতিটি প্রচারণাকে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করাই হবে মুক্তির একমাত্র পথ।






