কলকাতা

এবার গ্রফতার তৃণমূলের ‘সচিন’ ! নারকেলডাঙায় কাউন্সিলরের বাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলর সচিন সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার একাধিক পার্কিং লট, নির্মাণ কাজ সহ বিভিন্ন ব্যবসা থেকে বেআইনিভাবে তোলা আদায় করার অভিযোগ জমা পড়ছিল।

Truth of Bengal: তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং। গোপন সূত্রের খবর অনুযায়ী, নারকেলডাঙা এলাকায় দীর্ঘদিন ধরে চলা তোলাবাজি, প্রতারণা এবং সরকারি বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে মারধর ও হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। এদিন সকাল থেকেই এই তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে জমা হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। বাড়িটি ঘিরে ‘চোর চোর’ স্লোগান ওঠার পাশাপাশি ক্ষুব্ধ বাসিন্দারা সচিনের বাড়ি লক্ষ্য করে পাথর ও ঢিল ছোড়েন বলেও জানা গেছে। অবশেষে জনতার চরম ক্ষোভের মাঝেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলর সচিন সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার একাধিক পার্কিং লট, নির্মাণ কাজ সহ বিভিন্ন ব্যবসা থেকে বেআইনিভাবে তোলা আদায় করার অভিযোগ জমা পড়ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীদের বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার হয়েছে। মাত্র কয়েকদিন আগেই কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের দাপুটে তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। আলিপুর আদালতে তোলার সময় তাঁকে লক্ষ্য করে ক্ষুব্ধ জনতা ডিম ও জুতো ছোড়ার পাশাপাশি ‘চোর চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল।

উল্লেখ্য, রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই দুর্নীতি ও তোলাবাজির ইস্যুতে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি ও কাটমানি রুখতে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনভাবে ও কড়া হাতে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার পর থেকেই কলকাতা শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় একের পর এক তৃণমূলের প্রভাবশালী নেতানেত্রী, প্রাক্তন বিধায়ক ও কাউন্সিলররা পুলিশের জালে ধরা পড়ছেন। এবার সেই দুর্নীতিবিরোধী অভিযানের তালিকায় কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর সচিন সিংয়ের নাম যুক্ত হল।

Related Articles