সম্পাদকীয়

Political Mileage: মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলে ভাল মাইলেজ পাওয়া যায়!

ভাষার ওপর তো আর ট্যাক্স লাগে না! তাই, যত চাঁচাছোলা ভাষা তত কদর বেশি। ছয়ের দশকে তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনে নিয়েছেন বলে প্রচার করা হয়েছিল।

জয়ন্ত চক্রবর্তী: খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করলে ভাল মাইলেজ (Political Mileage) পাওয়া যায়। তাই কাছা খুলে মমতা আক্রমণের পালা চলেছে। কী খবরের কাগজে, কী টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়া। আক্রমণ করার এই সফট টার্গেট কোথায় বা মিলবে? তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি তো আর দুঃসহ না হলে প্রতিবাদ করতে আসরে নামবেন না। অতএব, চালাও পানসি বেলঘরিয়া! মমতাকে আক্রমণ করো। বিলো দা বেল্ট হলেও আপত্তি নেই। কে কত চাঁচাছোলা ভাষা ব্যাবহার করতে পারেন সেটাই বড় কথা।

ভাষার ওপর তো আর ট্যাক্স লাগে না! তাই, যত চাঁচাছোলা ভাষা তত কদর বেশি। ছয়ের দশকে তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনে নিয়েছেন বলে প্রচার করা হয়েছিল। মৃত্যুর পর প্রফুল্ল সেনকে দাহ করার পয়সা পর্যন্ত ছিল না। তদানীন্তন কংগ্রেস সভাপতি অতুল্য ঘোষকে কানা অতুল্য ডাকের মধ্যে চোখের অসুখের জন্য রোদ চশমায় পরে থাকা অতুল্য ঘোষের প্রতি কতটা শালীনতা দেখানো সম্ভব হয়েছিল, সেই কথা তুলেও আলোচনা করা যেতেই পারে যে তখনকার দিনের আক্রমণ কতটা নির্বিষ ছিল (Political Mileage)!

এমনকী সরকারি পয়সায় একদা মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায়ের বিলাসবহুল টয়লেট বানানোর কাহিনি বা গনি খান চৌধুরীর মন্ত্রীর প্যাডে লেখা বিয়ার অনানোর চিঠি প্রায় নির্বিষ মনে হয় মমতার প্রতি আক্রমণের তুলনায়। ব্যক্তিগত আক্রমণ কখনও কখনও সীমাহীন হয়ে যায়। মমতা নিজেও হয়তো মানবেন আবেগপ্রবণতা তাঁর বড় দুর্বলতা। আবেগের বশবর্তী হয়ে তিনি এমন কথা বলে বসেন যা তাঁর বলা উচিত নয় (Political Mileage)।

আক্রমণকারীরা সেই শব্দগুলি তুলে ধরেই আক্রমণের ফুলঝুরি ছোটায়। এ যেন হাতে করে অস্ত্র তুলে দেওয়া। কিন্তু আবেগ তো মানুষেরই ধর্ম। আবেগ না থাকলে মানুষ তো দেবতা কিংবা দানবে পরিণত হতো। মমতা বন্দোপাধ্যায়ের আবেগপ্রবণ হওয়ার মধ্যে অস্বভাবিকতার কী আছে! আমাদের মা-কাকিমারা যে ভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন, মমতাও তাই হয়ে পড়েন। তফাতের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী। তাঁকে আক্রমণ করে মাইলেজ মেলে, মা-কাকিমাদের আক্রমণ করলে তা তো মেলে না! অতএব, চালাও পানসি বেলঘরিয়া (Political Mileage)!

Related Articles