বাঙালির সৌভ্রাতৃত্ব রক্ষার অঙ্গীকার, ওপারের বন্দিদের শুভেচ্ছা কামনা
Pledge to protect Bengali fraternity, best wishes to prisoners on the other side

Truth Of Bengal: বঙ্গ সংস্কৃতির পরম্পরা বজায় রাখতে রাখি বাঁধলেন বসিরহাটের মহিলারা। উপ-সংশোধনাগারে ওপার বাংলার বন্দিদের হাতে রাখি পরিয়ে দেন এপারের সম্প্রীতির বাহকরা। মিষ্টিমুখ করিয়ে মিষ্টি সম্পর্ক বজায় রাখার বার্তাও দেন তাঁরা। সবমিলিয়ে শিকড়ের টানে মিলেমিশে একাকার হয়ে গেল দুই পারের মানুষ।
রাখিই বেঁধে দিল দুই পারকে। বাঙালির অখণ্ড সত্তা যেন আরও একবার ধরা দিল নতুন রূপে,নতুন আঙ্গিকে। বসিরহাট উপ-সংশোধনাগারে থাকা আন্তর্জাতিক বন্দিদের রাখি পরিয়ে দেন এপারের মহিলারা। মানবধিকার সংগঠনের তরফ থেকে মিষ্টিমুখ করা হয়,কামনা করা হয় দীর্ঘায়ু। সৌহার্দ্র বজায় রাখার কথাও উঠে আসে উদ্যোগী মহিলাদের কথায়। বসিরহাট উপ সংশোধনাগারে রয়েছে ২০৬ জন বন্দি। তার মধ্যে ২৬ জন বাংলাদেশী বন্দি। বাংলাদেশী বন্দিদের সঙ্গে সম্পর্কের মিষ্টতা বজায় রাখার এই বিশেষ অনুষ্ঠান সবমহলের কাছে আলাদা আবেগ বয়ে আনে।যাঁরা পরিজনদের থেকে দূরে রয়েছেন, তাঁদের কাছে স্বজনের মতো পৌঁছে যাওয়ার এই মানবিক উদ্যোগ রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে।
কাঁটাতার দুই পারকে আলাদা করে রেখেছে। সীমান্ত পেরিয়ে এপারে ঢোকায় বা নানা কারণে ওপার বাংলার অপরাধীরা এপারের জেলে বন্দি। তাঁদের প্রিয়জনদের কাছে যাওয়ার সুযোগ কম। এপার বাংলায় একইভাষা,একই সংস্কৃতির মানুষের সঙ্গে ওদের কাটাতে হচ্ছে। প্রিয় মানুষের কাছে না যাওয়ার বেদনা বুকে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে এইসব বন্দিদের। তবে তাঁরা রাখিবন্ধনের মতো অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ আপ্লুত।






